রেকর্ড ভাঙলেও ভারতের সিনিয়র দলে এখনই সুযোগ পাচ্ছেন না সূর্যবংশী

হারারে স্পোর্টস ক্লাবে যুব বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের ১৪ বছরের তারকা বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। এত অল্প বয়সে এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—ভারতের সিনিয়র দলে কবে দেখা যাবে এই তরুণ ব্যাটারকে? তবে বাস্তবতা হলো, এখনই জাতীয় দলে অভিষেকের সুযোগ পাচ্ছেন না সূর্যবংশী।
এর প্রধান কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বয়স–সংক্রান্ত নিয়ম। ২০২০ সালে প্রণীত এই নীতিমালা অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য একজন খেলোয়াড়ের ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর। বৈভব সূর্যবংশীর জন্ম ২০১১ সালের ২৭ মার্চ। অর্থাৎ ২০২৬ সালের মার্চের আগে তিনি ১৫ বছরে পা দিচ্ছেন না। ফলে যতই প্রতিভা বা পারফরম্যান্স থাকুক, এই সময়ের আগে ভারতের সিনিয়র দলে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি।
বিষয়টি আরও কৌতূহলোদ্দীপক কারণ, বয়সের দিক থেকে তিনি অনূর্ধ্ব–১৯ পর্যায়ের জন্য যোগ্য হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি অভ্যন্তরীণ নীতি তার পথ রুদ্ধ করেছে। বিসিসিআইয়ের ‘ওয়ান টুর্নামেন্ট রুল’ অনুযায়ী, কোনো খেলোয়াড় একবার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অংশ নিলে পরবর্তী আসরগুলোতে আর খেলতে পারেন না। ফলে ২০২৬ আসরে সেরা পারফরমার হওয়ার পরও সূর্যবংশীর সামনে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দরজাও কার্যত বন্ধ।
তবে এত কম বয়সেই তার অর্জনের তালিকা ঈর্ষণীয়। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রানের ইনিংসটি এই পর্যায়ের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পুরো টুর্নামেন্টে ৩০টি ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ১৪ বছর বয়সে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন, ঘরোয়া টি-টোয়েন্টিতে হয়েছেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, এমনকি আইপিএলেও দ্রুততম সেঞ্চুরির কীর্তি রয়েছে তার ঝুলিতে।
সব মিলিয়ে বৈভব সূর্যবংশীর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য তাকে এখন সময়ের অপেক্ষাতেই থাকতে হবে। বয়সের বাধা কাটলেই হয়তো খুব দ্রুতই ভারতের নীল জার্সিতে দেখা যাবে এই বিস্ময় বালককে।
সূত্র : এনডিটিভি