logo

খেলার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধন অটুট রাখতে চায় যুক্তরাষ্ট্র

খেলার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধন অটুট রাখতে চায় যুক্তরাষ্ট্র

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিকেলে প্রীতি ম্যাচের আড়ালে ধরা দিল ভিন্ন এক বার্তা। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের লড়াইটি কেবল ব্যাট-বলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ছুঁয়ে গেছে দুই দেশের সম্পর্কের উষ্ণতাকেও।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ১৫ ওভারের এই ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র দূতাবাস দল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১০০ রান করে বিএসজেএ। জবাবে ৩ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মার্কিন দূতাবাস।

জয়ের ভিত গড়ে দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মী ওপেনার আল-আমিন। শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটে থেকে দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।

ম্যাচ শেষে আয়োজনে সন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিশ্চেনসেন বলেন, ‘দারুণ একটি ক্রিকেট ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। জাতীয় ক্রিকেট মাঠে এসে প্রীতি ম্যাচ খেলতে পারা আমাদের জন্য সত্যিই সম্মানের।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ। খেলা এমন একটি মাধ্যম, যা মানুষকে কাছে আনে। আমরা বাংলাদেশের বন্ধুদের সঙ্গে খেলছি, সম্পর্ক তৈরি করছি, আর এভাবেই দুই দেশের বন্ধন আরও শক্ত হচ্ছে।’

ক্রিকেট নিয়ে একটি ভিন্ন দিকও তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। তার ভাষায়, ‘অনেকে ভাবতে পারেন, যুক্তরাষ্ট্রে ক্রিকেট কেন। কিন্তু আমাদের দেশেও এই খেলার দীর্ঘ ইতিহাস আছে।’

তিনি বলেন, ‘আমাদের ফাউন্ডিং ফাদারদের একজন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আমেরিকায় ক্রিকেট পরিচিত করেছিলেন। জর্জ ওয়াশিংটনও ‘উইকেট’ নামে অনুরূপ একটি খেলা খেলতেন। ১৮৪৪ সালে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ কানাডার মধ্যে ম্যাচও হয়েছিল।’

হাস্যরসের সুরে তিনি যোগ করেন, ‘সেই ম্যাচ আমরা হেরেছিলাম, তবে পরে বিশ্বকাপে আমরা তাদের হারিয়েছি। তাই ক্রিকেট আমাদের ঐতিহ্যেরই একটি অংশ।’