রাজশাহীর বিপক্ষে নাঈমের দ্বিশতক, অঙ্কনেরও সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন মোহাম্মদ নাঈম শেখ। টানা দুই ম্যাচে সেঞ্চুরির পর এবার রাজশাহীর বিপক্ষে সেটিকে দ্বিশতকে রূপ দিলেন ঢাকার এই বাঁহাতি ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতকের দেখা পেয়েছেন তিনি। অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে ঢাকা বিভাগ।
রোববার (২৫ অক্টোবর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনে দ্বিশতক পূর্ণ করেন নাঈম। দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতিতে ১০৮ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ৩৯৬ রান। নাঈম ৩০১ বলে ১৮টি চার ও ৫টি ছক্কায় ২১৭ এবং অধিনায়ক অঙ্কন ২৫৯ বলে ১২টি চার ও ৭টি ছক্কায় ১৪১ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে শনিবার প্রথম দিনের খেলা শেষে ৩ উইকেটে ২৯৩ রান তুলেছিল ঢাকা। সেদিন ২৪২ বলে ১৭১ রানে অপরাজিত ছিলেন নাঈম। অন্য প্রান্তে অঙ্কনের সংগ্রহ ছিল ৮৪ রান। দ্বিতীয় দিনের শুরু থেকেই সাবলীল ব্যাটিং করে নিজের ইনিংস আরও বড় করেছেন দুজন। ২৮০ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতক পূর্ণ করেন নাঈম। অন্যদিকে অঙ্কন ২০৩ বলে পৌঁছান তিন অঙ্কে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ঢাকার। দলীয় ৩০ রানে আনিসুল ইসলাম ইমনকে হারায় তারা। ১৯ রান করা ইমনকে ফেরান সানজামুল ইসলাম। এরপর ৮৮ রানের মাথায় আরও দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা। আশিকুর রহমান শিবলিকে ১৬ রানে ফেরানোর পর পরের বলেই মার্শাল আইয়ুবকে শূন্য রানে বিদায় করেন আসাদুজ্জামান পায়েল।
সেখান থেকে দলের হাল ধরেন নাঈম ও অঙ্কন। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে মধ্যাহ্নবিরতি পর্যন্ত এসেছে ৩০৮ রান। রাজশাহীর বোলারদের আর কোনো সাফল্য পেতে দেননি তাঁরা।
এবারের এনসিএলের শুরুটা অবশ্য ভালো ছিল না নাঈমের। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁর দুই ইনিংসের সংগ্রহ ছিল যথাক্রমে শূন্য ও ৭ রান। এরপর সিলেটের বিপক্ষে ১৩৭ ও ময়মনসিংহের বিপক্ষে ১৩৫ রানের ইনিংস খেলেন তিনি। এবার রাজশাহীর বিপক্ষে দ্বিশতক তুলে নিয়ে টানা তৃতীয় ম্যাচে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর ধারাবাহিকতা ধরে রাখলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাঈমের সপ্তম সেঞ্চুরি হলেও দ্বিশতক এই প্রথম। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে আবারও নির্বাচকদের নজর কাড়ার চেষ্টা করছেন।
অন্যদিকে অঙ্কনও চলতি এনসিএলে ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছেন। এর আগে সিলেটের বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার রাজশাহীর বিপক্ষে আরেকটি সেঞ্চুরি তুলে নিলেন ঢাকার অধিনায়ক।
রাজশাহীর হয়ে মধ্যাহ্নবিরতি পর্যন্ত আসাদুজ্জামান পায়েল দুটি এবং সানজামুল ইসলাম একটি উইকেট নিয়েছেন।
