logo

সাত নম্বরে ব্যাটিং করতেই স্বাচ্ছন্দ্য মিরাজের

সাত নম্বরে ব্যাটিং করতেই স্বাচ্ছন্দ্য মিরাজের

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মুখ খুললেন নিজের ব্যাটিং পজিশন এবং সাম্প্রতিক ফর্ম নিয়ে। ক্যারিয়ারে বিভিন্ন সময়ে বিভিন্ন পজিশনে ব্যাটিং করলেও কোথাও যেন নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এই অলরাউন্ডার। তবে এবার তিনি জানালেন, সাত নম্বর তার কাছে সবচেয়ে কার্যকর মনে হয়।

মিরাজের ভাষ্যমতে, উপরের দিকে ব্যাটিং করতে গিয়ে ব্যক্তিগত রান পেলেও দলের জয় সবসময় নিশ্চিত হয়নি। সাত নম্বরে খেললে দলের ভারসাম্য অনেকটাই ঠিক থাকে বলে তিনি মনে করেন। 

আগামীকাল বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি প্রায় একই পজিশনে ৮ নম্বরে অনেক বছর ধরে খেলেছি। দলকে জিতিয়েছি এমন অনেক ইনিংস আছে। বোলারদের সঙ্গে ব্যাট করার দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমি ৭ নম্বরে খেললে টিমের লাভ হবে। টপঅর্ডারেও নিজের ব্যক্তিগত ভালো ইনিংস আছে কিন্তু সেটি চেয়ে নাম্বার সেভেনে ভালো করলে টিমের লাভ হবে। দলের প্রয়োজনে বিভিন্ন জায়গায় খেলতে হয়েছে। যখন বলেছে ওপেনিং করতে হবে। আমি নিজের কথা বা অত কিছু ভাবিনি। দলের প্রয়োজনেই রাজি হয়েছি। সামনে বিশ্বকাপ, তার আগে বেশি কিছু পরিবর্তন করতে চাচ্ছি না।’

অফ ফর্ম প্রসঙ্গে অধিনায়ক জানান, বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫টি ওয়ানডে খেলেছেন তিনি, তবে ম্যাচগুলোর মাঝে বিরতি ছিল বেশ লম্বা। সমর্থকদের প্রত্যাশা পূরণ না হওয়ার বিষয়টি স্বীকার করলেও তিনি বলেন পারফরম্যান্স গড়পড়তা হলেও হতাশ নন, বরং দলকে জেতানোর লক্ষ্যেই মাঠে নামেন প্রতিবার।

দলকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেন মিরাজ। তার মতে, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিজের সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য।

কোচ ফিল সিমন্সও মিরাজের ফর্ম নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। তার মতে, অধিনায়কত্বের চাপ মিরাজকে পিছিয়ে দিচ্ছে এমনটা মনে করেন না তিনি। মিরাজের মেধা ও পরিশ্রম সম্পর্কে পুরোপুরি আস্থাশীল সিমন্স এবং শিগগিরই তাকে পুরোনো ছন্দে ফিরতে দেখার প্রত্যাশা রাখেন এই ক্যারিবীয় কোচ।