ওয়ানডে অভিষেকেই প্রশ্নের মুখে আলিসের বোলিং অ্যাকশন
-a64415-720x405.webp)
ওয়ানডে অভিষেকেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশের রহস্য স্পিনার আলিস আল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেছেন ম্যাচ কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই বোলিং অ্যাকশনের পরীক্ষার মুখে পড়তে হচ্ছে ২৯ বছর বয়সী এই স্পিনারকে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বুধবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে আলিসের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ কর্মকর্তারা। তাদের প্রতিবেদনের ভিত্তিতে এখন আইসিসি স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে স্বাধীনভাবে মূল্যায়ন করা হবে তার বোলিং অ্যাকশন।
তবে রিপোর্ট হওয়ার অর্থ এই নয় যে আলিস ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, সাধারণত ১৪ দিনের মধ্যে তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। তবে অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় আলিসের। তবে প্রথম ম্যাচে ৮ ওভার ৩ বল করে ৪৭ রান দিয়েও উইকেট পাননি তিনি। বাংলাদেশ ১৬০ রানে অলআউট হওয়ার পর আফগানিস্তান ৭ উইকেটে জয় তুলে নেয়। টানা দুই হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নেয় তাওহীদ হৃদয়ের দল।
আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন অবশ্য এবারই প্রথম ওঠেনি। ২০১৯ সালে বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। পরে অ্যাকশন নিয়ে কাজ করে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এই স্পিনার।
২০২৫ সালের বিপিএলেও একই সমস্যায় পড়েছিলেন আলিস। চিটাগং কিংসের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ২৫ জানুয়ারি মিরপুরে পরীক্ষা দেন তিনি। পরীক্ষায় কোনো ত্রুটি না পাওয়ায় বোলিং চালিয়ে যাওয়ার ছাড়পত্র পান এই অফস্পিনার।
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে এরপর জাতীয় দলে জায়গা করে নেন আলিস। চলতি মাসের শুরুতে এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর। এবার ওয়ানডে অভিষেকের পরই আবার বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তায় পড়লেন তিনি।
