হাবিবুল বাশারকে প্রধান করে নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন জাতীয় নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করে চার সদস্যের এই প্যানেল গঠন করা হয়েছে।
৫৩ বছর বয়সি বাশার এর আগে জাতীয় দলের পুরুষ ও নারী উভয় বিভাগের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার এবং দেশের হয়ে প্রথম ৩ হাজার টেস্ট রান করার কৃতিত্বও তার।
নতুন প্যানেলে বাশারের সঙ্গে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন।
এ ছাড়া প্যানেলে যুক্ত হয়েছেন সাবেক অলরাউন্ডার নাঈম ইসলাম ও ক্রিকেটার নাদিফ চৌধুরী। দুই দশকের ক্যারিয়ারে নাঈম ইসলাম সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির (৩৪টি) রেকর্ডও তার দখলে।
অন্যদিকে নাদিফ চৌধুরী খেলোয়াড়ি জীবনে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। অবসরের পর বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করে আসছেন তিনি।
নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত। আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওই বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড নির্বাচনের দায়িত্বও থাকবে তাদের ওপর।