logo

নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি—মোট আট ম্যাচের এই পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে প্রোটিয়ারা। সুপার এইটে ভারতের বিপক্ষে ৭৬ রানের বড় জয় তুলে নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভবিষ্যৎ আন্তর্জাতিক সূচিও সামনে আনল তারা। ২০২৬-২৭ মৌসুমের ব্যস্ত ক্যালেন্ডারে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।

বাংলাদেশের সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে, যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে হবে দ্বিতীয় টেস্টও।

টেস্ট পর্ব শেষেই শুরু হবে সীমিত ওভারের লড়াই।  ১, ৪ ও ৭ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ১০, ১১ ও ১৩ ডিসেম্বর। 

সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলকে ঘরের মাঠে আতিথ্য দিতে তারা প্রস্তুত। তার মতে, আসন্ন প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। আয়োজক দেশের মর্যাদা ছাড়াও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দল গঠন ও পরিকল্পনা সাজাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ-পরবর্তী সময়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠের অভিযান শুরু করবে প্রোটিয়ারা। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যস্ত সূচির মাঝেই বাংলাদেশের বিপক্ষে এই পূর্ণাঙ্গ সিরিজ দক্ষিণ আফ্রিকার মৌসুমকে আরও ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার আবহ দেবে।