খরুচে মিরাজ, ২০৬ করেও সিপিএল থেকে বিদায় গায়ানার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শেষ ম্যাচটা ভুলে যেতে চাইবেন মেহেদী হাসান মিরাজ। সিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে চার ওভার বল করে ৪৩ রান দিয়েও কোনো উইকেট পাননি বাংলাদেশের অলরাউন্ডার। তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও ২০৬ রান তুলেও হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।
ব্রিজটাউনে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান তোলে গায়ানা। শিমরন হেটমায়ারের ব্যাট থেকেই আসে বড় সংগ্রহের মূল ভিত। ৪৫ বলে ৪ চার ও ৮ ছক্কায় অপরাজিত ১০২ রান করেন তিনি। শাই হোপ করেন ৩৩ বলে ৪০।
তবে বড় লক্ষ্য পেয়েও শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জ্যামাইকা কিংসম্যান। সেই আক্রমণ সামলাতে পারেননি মিরাজও। নিজের চার ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। শেষ ওভারে সাইম আইয়ুবের টানা দুই ছক্কায় আরও ব্যয়বহুল হয়ে যায় তার বোলিং পরিসংখ্যান।
মাজ সাদাকাত ১৭ বলে ৪১ রান করে জ্যামাইকাকে উড়ন্ত শুরু এনে দেন। এরপর কেসি কার্টি ৪০ বলে ৫৬ এবং অধিনায়ক রভম্যান পাওয়েল ১৭ বলে অপরাজিত ৪০ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।
শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তুলে পাঁচ উইকেটের জয় পায় জ্যামাইকা। সেই সঙ্গে ফাইনালে উঠে যায় তারা, আর দ্বিতীয় কোয়ালিফায়ারেই থেমে যায় মিরাজদের গায়ানার সিপিএল অভিযান।


