logo

জাহানারার করা অভিযোগের তদন্ত প্রতিবেদন হাতে পেল বিসিবি

জাহানারার করা অভিযোগের তদন্ত প্রতিবেদন হাতে পেল বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে পৌঁছেছে। সোমবার স্বাধীন তদন্ত কমিটি তাদের অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেয়। গত ৩১ জানুয়ারি তদন্ত শেষ হওয়ার পর আজ সেটি বোর্ডের কাছে হস্তান্তর করা হয়।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে তদন্ত রিপোর্ট গ্রহণ করেছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রতিবেদনটি গ্রহণ করেন। এ সময় তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক রুবাবা দৌলা উপস্থিত ছিলেন। কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. নাঈমা হক বিদেশে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই অভিযোগগুলো খতিয়ে দেখা হয়েছে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন বোর্ডে জমা দেওয়া হয়েছে। এখন বিষয়টি বিসিবির অভ্যন্তরীণ প্রক্রিয়ায় পর্যালোচনা হবে এবং পরবর্তী করণীয় ঠিক করবে বোর্ড কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রকাশ্যে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানিসহ একাধিক গুরুতর অভিযোগ আনেন জাহানারা আলম। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিসিবি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল।