স্টার্কের তোপে লাঞ্চেই বিপর্যস্ত বাংলাদেশ

ডারউইনের ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস ম্যাকেতে এসে প্রথম সকালেই উধাও। মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে মাত্র ৩৫ রান।
২৩ ওভার শেষে মেহেদী হাসান মিরাজ ৪৮ বলে ১১ এবং হাসান মাহমুদ ২৪ বলে ৮ রানে অপরাজিত। স্টার্ক ৯ ওভারে ৬ মেইডেনসহ মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত প্রথম বলেই সঠিক প্রমাণ করেন প্যাট কামিন্স। স্টার্কের ম্যাচের প্রথম বলেই ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাদমান ইসলাম। এরপর একই ওভারে মুমিনুল হক চার মারলেও বিপর্যয় ঠেকাতে পারেননি।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। দুজনই কোনো রান করতে পারেননি। হ্যাটট্রিকের সম্ভাবনা অবশ্য নষ্ট করেন মুশফিকুর রহিম।
স্টার্কের পরের শিকার ৯ রান করা মুমিনুল। তার বল ব্যাটের কানায় লাগলে গালিতে নিচু ক্যাচ নেন গ্রিন। ব্যক্তিগত শূন্য রানে জীবন পেয়েও পরের বলেই এলবিডব্লিউ হন লিটন দাস। প্রথম ছয় ওভারের স্পেলেই মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ান পেসার।
বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারের চারজনই ফেরেন শূন্য রানে। একপ্রান্ত ধরে থাকা মুশফিকও পারেননি প্রতিরোধ গড়তে। কামিন্সের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন ৪২ বলে ৫ রান করে। তখন বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২৩।
সপ্তম উইকেটে মিরাজ ও হাসান অবিচ্ছিন্ন ১২ রান যোগ করে আর কোনো বিপদ ছাড়াই দলকে লাঞ্চে নিয়ে গেছেন। তবে ডারউইনে পুরো ম্যাচে অস্ট্রেলিয়াকে কোনো সেশন জিততে না দেওয়া বাংলাদেশ ম্যাকেতে প্রথম সেশনেই পুরোপুরি কোণঠাসা।



