পুরুষ দলের বিশ্বকাপ না খেলা নিয়ে জ্যোতির আক্ষেপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পুরুষ দলকে দেখা যাবে না— এই বাস্তবতা মেনে নেওয়াটা সহজ হচ্ছে না অনেকের জন্যই। সমর্থকদের মতোই কষ্ট পাচ্ছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের মতো ক্রিকেটাররা বিশ্বমঞ্চে খেলতে পারবে না— এই ভাবনাই খারাপ লাগাচ্ছে তাকে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা সাত ম্যাচে জয় তুলে নিয়ে নেপাল মিশন শেষ করে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন জ্যোতি। সেখানেই উঠে আসে পুরুষ দলের বিশ্বকাপে না থাকা প্রসঙ্গ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা একজন খেলোয়াড়ের জন্য অনেক বড় একটা বিষয়। যখন সেটা করতে না পারে…সেটার অনেক কারণ আছে। এটা নিয়ে কথা না বললেই নয় এই সময়টাতে। কিন্তু অবশ্যই খারাপ লাগার বিষয়। একজন খেলোয়াড় হিসেবে আমার খারাপ লেগেছে। আমি বলব পুরো দলের অনেকেরই অনেক খারাপ লেগেছে এটা অবশ্যই।’
তবে পরিস্থিতির বাস্তবতাও স্বীকার করছেন নারী দলের অধিনায়ক। তার মতে, যা ঘটছে সেটিকে মেনে নিয়ে সামনে তাকানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্যোতির ভাষায়, বর্তমান বাস্তবতায় আবেগ নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনাতেই মনোযোগ দেওয়া উচিত।
নিজেদের সাফল্য নিয়েও কথা বলেন তিনি। বাছাইপর্বে মেয়েদের ধারাবাহিক পারফরম্যান্সকে তিনি দলীয় পরিশ্রম, ত্যাগ ও ইচ্ছাশক্তির ফল বলেই মনে করেন। জ্যোতির মতে, ভালো খেললে আলোচনায় আসা যায়, না হলে দ্রুতই আড়ালে পড়ে যেতে হয়— তাই মূল লক্ষ্য হওয়া উচিত মাঠে ভালো ক্রিকেট খেলা।