logo

লঙ্কানদের ৪৫ রানে গুটিয়ে ফাইনালে ভারত, সামনে পাকিস্তান

লঙ্কানদের ৪৫ রানে গুটিয়ে ফাইনালে ভারত, সামনে পাকিস্তান
ভারত ক্রিকেট দল। ছবি: বিসিসিআই

প্রথম ওভারেই দুই উইকেট, দ্বিতীয় ওভারে আরেকটি। ১৭০ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। সেই ধাক্কা আর সামলাতে পারেনি লঙ্কানরা, গুটিয়ে গেছে মাত্র ৪৫ রানে। ১২৪ রানের বিশাল জয়ে এশিয়ান গেমসের ফাইনালে উঠেছে ভারত। সোনার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

বৃহস্পতিবার জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান তোলে ভারত। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় মাত্র ৯.৫ ওভারে।

ভারতের ব্যাটিং অবশ্য শুরু থেকে স্বচ্ছন্দ ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪ রানের মধ্যেই অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে হারায় তারা। দুজনই করেন ৭ রান। বৈভব সূর্যবংশীর আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা চাপ কাটে। ছয়টি চার ও দুটি ছক্কায় ২১ বলে ৩৮ রান করেন তরুণ এই ওপেনার। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ফেরেন ১৩ রান করে।

এরপর ভারতকে টেনে নেন ইশান কিষান। একপ্রান্তে উইকেট পড়তে থাকলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ৪৬ বলে ৮০ রানের ইনিংসে মারেন চারটি চার ও পাঁচটি ছক্কা। তার ব্যাটেই লড়াই করার মতো সংগ্রহ পায় ভারত। শ্রীলঙ্কার হয়ে সাহান আরাচ্চিগে ২৮ ও থারিন্দু রত্নায়েকে ৩২ রানে নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ার শুরুতেই শ্রীলঙ্কাকে চেপে ধরেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারের দ্বিতীয় বলে সিনেথ জয়াবর্ধনেকে এলবিডব্লিউ করেন তিনি। পঞ্চম বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সোহান ডি লিভেরা। দুজনই রানের খাতা খোলার আগেই বিদায় নেন। পরের ওভারে রানআউট হন লাসিথ ক্রুসপুল্লে।

এরপর অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের স্পিনেও নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৮ রানে পাঁচ উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। নুয়ানিদু ফার্নান্দো সর্বোচ্চ ১৫ রান করেন; আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তিন ব্যাটার হন রানআউট।

বুমরাহ ৭ রানে ও অক্ষর ৮ রানে নেন দুটি করে উইকেট। শেষ দিকে মাত্র পাঁচ বল করে ২ রানে দুই উইকেট তুলে নেন অভিষেক শর্মা। সুন্দরের শিকার একটি।

ভারতের এই জয়ে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষও চূড়ান্ত হলো। দিনের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ছয় উইকেটে হারা বাংলাদেশ এবার পদকের জন্য মুখোমুখি হবে শ্রীলঙ্কার।