logo

আইসিসির সঙ্গে বৈঠকের পর এবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চান পিসিবি সভাপতি

আইসিসির সঙ্গে বৈঠকের পর এবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চান পিসিবি সভাপতি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি আগামী দু-এক দিনের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় এই বহুল আলোচিত ম্যাচটি হওয়ার কথা।

সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুরোধেই নাকভি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা চাইবেন। ম্যাচটি নিয়ে শেষ সিদ্ধান্ত শেহবাজ শরিফই দেবেন—এ বিষয়টি স্পষ্ট করেছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ সূত্রের ভাষ্য, টানা কয়েক ঘণ্টা আলোচনার পর নৈশভোজের বিরতি দেওয়া হয় এবং পরে ভেন্যু পরিবর্তন করে পুনরায় আলোচনা চালানোর সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশ–সংক্রান্ত জটিলতা নিরসনকেও সমাধানের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে চলমান অচলাবস্থা নিরসনের পথ খোঁজা হয়। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকেও পিসিবির সঙ্গে যোগাযোগ করে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়, জাতীয় দল বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে না। পিসিবির অভিযোগ, বাংলাদেশ ইস্যুতে আইসিসির অবস্থান ‘পক্ষপাতদুষ্ট’ ছিল এবং এই বিরোধই বর্তমান পরিস্থিতির কেন্দ্রবিন্দু।

ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, আইসিসি ব্যাকচ্যানেল আলোচনার মাধ্যমে পাকিস্তানকে অবস্থান বদলাতে রাজি করানোর চেষ্টা করছে। এ দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে, যিনি মধ্যস্থতাকারী হিসেবে পিসিবির সঙ্গে সংলাপ চালাচ্ছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে খেলাধুলায় রাজনীতি না আনার আহ্বান জানালেও ভারতের বিপক্ষে না খেলার সরকারি সিদ্ধান্তকে ‘যথাযথ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা খেলব না—এ বিষয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি। বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

সূত্র : জিওসুপার