logo

টেস্টের আগের দিন আঙুলে চোট মুশফিকের, বাড়ল বাংলাদেশের দুশ্চিন্তা

টেস্টের আগের দিন আঙুলে চোট মুশফিকের, বাড়ল বাংলাদেশের দুশ্চিন্তা
বাংলাদেশর দুশ্চিন্তা বাড়ালেন মুশফিক। ছবি: কোলাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তে চোটের ধাক্কা বাংলাদেশ শিবিরে। নিতম্বের চোট কাটিয়ে লিটন দাসের ফেরার স্বস্তির মধ্যেই এবার আঙুলে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। মিরপুরে অনুশীলনের সময় বাউন্সারের আঘাতে ব্যথা পেয়ে নেট ছেড়ে বেরিয়ে যান অভিজ্ঞ এই ব্যাটার। প্রাথমিক চিকিৎসা নিলেও পরে আর ব্যাটিংয়ে ফেরেননি তিনি। ফলে বুধবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। মূল মাঠে ওয়ার্মআপ ও ফিল্ডিং অনুশীলন শেষ করে একাডেমি মাঠে ব্যাটিং করতে যান বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে আলাদা তিনটি নেটে ব্যাটিং করছিলেন মুশফিক, তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়।

নেটে ব্যাটিং করার সময় এক বোলারের বাউন্সার এসে লাগে মুশফিকের ডান হাতের তর্জনীতে। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যথায় নেটের পাশে বসে পড়েন তিনি। কিছুক্ষণ পর সেখান থেকে উঠে পাশের একটি চেয়ারে বসেন। তখন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম তার চিকিৎসা শুরু করেন।

আঘাতের পর দীর্ঘ সময় ব্যথায় ভুগতে দেখা যায় মুশফিককে। প্রায় ২০ মিনিট মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ডান হাতের তর্জনীতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। এরপর আর ব্যাটিং অনুশীলনে অংশ নেননি।

তবে আঙুলের চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও তার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো মেডিকেল আপডেট জানানো হয়নি। ফলে প্রথম টেস্টে তার খেলা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

মুশফিকের এই চোট বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে নিতম্বের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন দাস। প্রথম টেস্টে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা ছিল। তবে সোমবার সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স জানান, লিটন ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

মঙ্গলবার অনুশীলনেও লিটনকে স্বাভাবিক ছন্দে দেখা গেছে। নেটে শরীফুল ইসলামের বোলিংয়ের সময় উইকেটকিপিং অনুশীলনও করেছেন তিনি। ফলে লিটনকে নিয়ে শঙ্কা অনেকটাই কাটলেও নতুন করে চিন্তা বাড়িয়েছে মুশফিকের চোট।

বাংলাদেশের টেস্ট ব্যাটিং লাইনআপে মুশফিক অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। বিশেষ করে মিডল অর্ডারে তার উপস্থিতি দলের ব্যাটিংয়ে স্থিতিশীলতা এনে দেয়। তাই সিরিজের প্রথম ম্যাচের ঠিক আগের দিন তার চোট পাওয়া টিম ম্যানেজমেন্টের জন্য অস্বস্তির খবর।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। প্রথম ম্যাচের আগে মুশফিকের আঙুলের অবস্থা এবং তার খেলার উপযোগিতা নিয়ে মেডিকেল দলের মূল্যায়নের দিকেই এখন নজর থাকবে।