logo

মিরপুরে ফিল্ডিং করতে গিয়ে চোট, হাসপাতালে তালাত

মিরপুরে ফিল্ডিং করতে গিয়ে চোট, হাসপাতালে তালাত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে আহত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসাইন তালাত। কাঁধে চোট পাওয়ার পর তাকে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে এই ঘটনা ঘটে। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বল লিটন দাস কভার অঞ্চলে খেললে সেটি বাউন্ডারি যাওয়ার আগেই থামানোর চেষ্টা করেন তালাত। তবে বল থামাতে গিয়ে তিনি দৌড়ে গিয়ে বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা খান।

ধাক্কা খাওয়ার পর তাকে বেশ অস্বস্তিতে দেখা যায়। মাঠেই দলের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় এবং বদলি ফিল্ডার নামানো হয়।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ফিল্ডিংয়ের সময় তালাত কাঁধে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে বিস্তারিত পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের মূল্যায়নের পর চোটের ধরন ও গুরুতরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। ফলে দ্বিতীয় ম্যাচটি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪৭.৩ ওভারে ২৭৪ রান করে অলআউট হয়। দলের হয়ে মাআজ সাদাকাত ৪৬ বলে ৭৫ এবং সালমান আলি আগা ৬৪ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান করেছিল। ম্যাচটি পরে আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে বাংলাদেশ সময় রাত ৯.৩৫ মিনিটে ম্যাচটি আবার শুরু হয়েছে।