অস্ত্রোপচারের পর স্টোকসের চেহারায় বড় পরিবর্তন

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের সাম্প্রতিক চেহারার পরিবর্তন ঘিরে আলোচনায় সরগরম ক্রিকেট মহল। অস্ত্রোপচারের পর প্রকাশ্যে এসে তাকে আগের তুলনায় অনেকটাই শুকনো দেখাচ্ছে, যা নজর এড়ায়নি ভক্তদের।
ইংল্যান্ডের নতুন কিট উন্মোচন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা যায় স্টোকসকেও। আদিল রশিদ, মার্ক উড, গাস আটকিনসন ও বেন ডাকেটদের উপস্থিতির মাঝেও স্টোকসের বদলে যাওয়া চেহারাই সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে।
চলতি বছরের শুরুতে নেট অনুশীলনের সময় মুখে বল লেগে আহত হন স্টোকস। এরপর তাকে অস্ত্রোপচার করাতে হয়। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি জানিয়েছেন, ঘটনাটি ছিল ভয়ংকর এবং অল্পের জন্য বড় বিপদ এড়িয়েছেন।
এখন সুস্থ হয়ে আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ৩৪ বছর বয়সি এই অলরাউন্ডার। সামনে ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ সূচি অপেক্ষা করছে। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক মৌসুম শুরু করবে দলটি। এরপর আগস্টে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের আরেকটি টেস্ট সিরিজ খেলবে তারা।
অ্যাশেজে হতাশাজনক পারফরম্যান্সের পরও দলের নেতৃত্বে আস্থা রাখা হয়েছে স্টোকসের ওপর। ব্যাট হাতে ১৮৪ রান ও বল হাতে ১৫ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের সামনে তাই আসছে মৌসুমে নিজেকে নতুন করে প্রমাণ করার বড় সুযোগ।