logo

ডিপিএল দল বদলের প্রথম দিনে আবাহনী-মোহামেডানের দাপট

ডিপিএল দল বদলের প্রথম দিনে আবাহনী-মোহামেডানের দাপট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের দল বদলের প্রথম দিন সবচেয়ে বেশি আলো কেড়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের একাধিক পরিচিত মুখ দলে ভিড়িয়ে এই দুই ক্লাব এবার লিগের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার আভাসই দিয়েছে।

আবাহনী লিমিটেড গড়েছে তারকাখচিত স্কোয়াড। জাতীয় দলের নিয়মিত মুখ সৌম্য সরকার ছাড়াও দলে যোগ দিয়েছেন জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অংকন, সাব্বির রহমান ছাড়াও একাধিক পারফর্মার। শক্তিশালী স্কোয়াড তৈরি করে তারা স্পষ্ট বার্তা দিয়েছে শিরোপাই লক্ষ্য।

মোহামেডান স্পোর্টিং ক্লাবও গড়েছে শক্তিশালী স্কোয়াড। আনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন ও তানভীর ইসলামের মতো জাতীয় দলের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের নিয়ে তারা ভারসাম্যপূর্ণ দল তৈরি করেছে। অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে মোহামেডানও শিরোপা লড়াইয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে।

তবে শুধু এই দুই দলেই সীমাবদ্ধ নয় প্রতিযোগিতা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব গড়েছে বড় ও গভীর স্কোয়াড, যেখানে মাহমুদউল্লাহ, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, আফিফের মতো পারফর্মাররা রয়েছে। তারা দীর্ঘ লিগে ধারাবাহিকতা দিয়ে এগিয়ে থাকতে চাইবে।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবও নাসির হোসেনদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে। অন্যদিকে সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস বড় সংখ্যক খেলোয়াড় দলে ভিড়িয়ে স্কোয়াড পুনর্গঠন করেছে, যা তাদের প্রতিদ্বন্দ্বিতায় রাখবে।

গাজী গ্রুপ, রূপগঞ্জ টাইগার্স, শাইনপুকুর, গুলশান ক্রিকেট ক্লাবের মতো দলগুলো থেকেও অনেক খেলোয়াড় ছড়িয়ে পড়েছে বিভিন্ন দলে, যা পুরো লিগে প্রতিযোগিতার গভীরতা বাড়িয়েছে।

সব মিলিয়ে, দল বদলের প্রথম দিনে আবাহনী ও মোহামেডান জাতীয় তারকাদের দখলে রেখে এগিয়ে থাকলেও, অন্যান্য দলগুলোও পিছিয়ে নেই।