logo

পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে কেমন থাকবে আবহাওয়া

পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে কেমন থাকবে আবহাওয়া

সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এবার ইংল্যান্ডের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তান। তবে প্রশ্ন একটাই—পাল্লেকেলেতে আবারও কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি?

ক্যান্ডি অঞ্চলে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস পাকিস্তানের সমর্থকদের কিছুটা স্বস্তি দিচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ, আকাশে মেঘের পরিমাণ থাকতে পারে প্রায় ৪৮ শতাংশ। রাতের দিকে বৃষ্টির আশঙ্কা কমে ২ শতাংশে নেমে আসবে এবং মেঘের পরিমাণও কমে যাবে।

সব মিলিয়ে ম্যাচ চলাকালে বড় ধরনের আবহাওয়া বিঘ্নের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে গ্রুপ পর্বে টিকে থাকতে পাকিস্তানের জন্য ইংল্যান্ডকে হারানো প্রায় অপরিহার্য। অন্যদিকে, ইংল্যান্ড ইতোমধ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে দুই পয়েন্ট তুলে নিয়েছে। এই ম্যাচে জিতলে সেমিফাইনালের পথ অনেকটাই সহজ হয়ে যাবে তাদের।

পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেন, ‘শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে আমরা দেখেছি বল গ্রিপ করছিল এবং ইংল্যান্ড স্পিনের বিরুদ্ধে ভুগেছে। তাদের এক-দুজন স্পিনার আছে, কিন্তু আমাদের দলে পাঁচজন স্পিনার রয়েছে। এই উইকেটে আমরা তাদের চাপে ফেলতে পারব।’

অন্যদিকে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৫ রানে গুটিয়ে দিয়ে ৫১ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত তারা।

তবে পাকিস্তানের জন্য সমীকরণ স্পষ্ট—এই ম্যাচে হার মানেই সেমিফাইনাল দৌড়ে বড় ধাক্কা। জিততে পারলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ও অন্য ফলের সমীকরণ মিলিয়ে শেষ চারে ওঠার সুযোগ থাকবে।

সব নজর এখন পাল্লেকেলের আকাশে—বৃষ্টি নয়, ক্রিকেটই যেন কথা বলে মঙ্গলবার রাতে।