‘বাংলাদেশ দুর্দান্ত ব্যাট করেছে’, স্বীকার করলেন ওয়েবস্টার

ডারউইন টেস্টের প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। ১৫৩ রানে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টারও স্বীকার করলেন, কঠিন একটি দিন পার করেছে তাঁর দল।
দিন শেষে সংবাদ সম্মেলনে ওয়েবস্টার বলেন, ‘এটি আমার টেস্ট ক্যারিয়ারের কঠিনতম দিনের মধ্যেই থাকবে। বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতে হবে। সকালে উইকেটে কিছুটা সহায়তা ছিল, তখনও তারা দুর্দান্ত ব্যাট করেছে। পরে বিকেলেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে এবং স্পিন ভালো খেলেছে। কখনো আক্রমণ করেছে, আবার প্রয়োজনের সময় চাপও সামলেছে।’
তানজিদ হাসান তামিমের প্রথম টেস্ট শতক এবং নাজমুল হোসেন শান্তর ৮৪ রানে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। মুমিনুল হক করেন ৪৯ রান। দ্বিতীয় নতুন বলে দ্রুত তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়া কিছুটা ঘুরে দাঁড়ালেও মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের অবিচ্ছিন্ন জুটিতে আবারও নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা।
বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট করতে অস্ট্রেলিয়াকে ব্যবহার করতে হয়েছে আট বোলার। এরপরও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার বিষয়ে ওয়েবস্টার বলেন, ‘আমরা কয়েকটি ভিন্ন পরিকল্পনা প্রয়োগ করেছি। কখনো অফ স্টাম্পের বাইরে বল করেছি, কখনো সোজা, স্পিনের পাশাপাশি বাউন্সারও ব্যবহার করেছি। কিন্তু তারা দিনটি ভালোভাবে শেষ করেছে। কাল আমাদের নতুন কিছু পরিকল্পনা নিয়ে আসতে হবে।’
অস্ট্রেলীয় অলরাউন্ডারের মতে, ম্যাচটি এখন পুরোনো ধাঁচের টেস্টের কঠিন লড়াইয়ে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘এটাই টেস্ট ক্রিকেট, পুরোনো ধাঁচের কঠিন লড়াই। গরম আবহাওয়া এবং তুলনামূলক সমতল উইকেট। সব সময় দুই দিনের মধ্যে ম্যাচের ছবি বদলে যাবে এমন নয়। শেষ তিন দিনেও আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’
প্রথম দিন নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেছেন ওয়েবস্টার। তাঁর ভাষায়, ‘প্রথম দুই ঘণ্টায় আমরা কয়েকটি উইকেট বেশি হারিয়েছি। ফলে মাঝের সময়ে বোলারদের ওপর চাপ তৈরি করতে পারিনি। বাংলাদেশ সকালে খুব ভালো বোলিং করেছে। ঠিক জায়গায় বল করেছে, আমাদের খেলতে বাধ্য করেছে এবং উইকেট থেকেও কিছুটা সহায়তা পেয়েছে।’
তবে ম্যাচ জয়ের আশা এখনও ছাড়ছে না অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশের শেষ চার উইকেট তুলে নিয়ে ব্যাট হাতে বড় কিছু করতে চান স্বাগতিকেরা।
ওয়েবস্টার বলেন, ‘ড্রেসিংরুমে যে মানের খেলোয়াড় আছে, সবাই এখনও জয়ের পথই খুঁজছে। যত কম রানে সম্ভব শেষ চার উইকেট নিতে হবে। এরপর সম্ভবত দুই দিন খুব ভালো ব্যাট করতে হবে। কাজটা কঠিন, তবে আমাদের সেই সামর্থ্য আছে।’
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে পারলে ম্যাচে ফেরা সম্ভব বলেও মনে করেন ওয়েবস্টার। তিনি বলেন, ‘আমাদের স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক কয়েকজন ব্যাটসম্যান আছে। উইকেট ভালো থাকলে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করা সম্ভব। দেড় দিন ভালো ব্যাট করে যথেষ্ট গতিতে রান তুলতে পারলে আমরা আবার ম্যাচে ফিরতে পারব। শেষ ইনিংসে ক্ষয়ে যাওয়া উইকেটে ছোট লক্ষ্য তাড়াও কঠিন হতে পারে। এটিই আমাদের জয়ের সবচেয়ে পরিষ্কার পথ।’



-fe03c2.webp)