বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামের বৈরি আবহাওয়ার কাছে হার মানল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সাগরিকায় মুষলধারে বৃষ্টি ও মাঠ খেলার অনুপযোগী থাকায় একটি বলও মাঠে গড়ায়নি; শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।
দুপুরের পরও বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি মাঠে গড়ানোর শেষ আশা ছিল সংক্ষিপ্ত সংস্করণে। ৫ ওভারের ম্যাচ শুরুর কাট-অফ সময় ছিল বিকেল ৪টা ৫০ মিনিট। কিন্তু বৃষ্টি না থামা এবং মাঠ প্রস্তুতের মতো পর্যাপ্ত সময় না থাকায় শেষ পর্যন্ত সেই সময়ের আগেই ম্যাচটি বাতিল করা হয়।
এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ নিশ্চিত করা। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। চট্টগ্রামে সেই ম্যাচে ১৮৩ রান তাড়া করে জয় পায় বাংলাদেশ, যা এই ভেন্যুতে তাদের সর্বোচ্চ রান তাড়ার জয়।