বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, সূচি ঘোষণা

আগামী বছর বাংলাদেশ ও নেপালে বসবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। ঘরের মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটসহ মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ৪১টি ম্যাচ।
বুধবার (২১ অক্টোবর) ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২১ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ১৬ দলের এই প্রতিযোগিতা।
চারটি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী দলগুলোকে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে গত আসরের সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী দিন ২১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর ২৩ জানুয়ারি একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে স্বাগতিকেরা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, প্রতিপক্ষ নাইজেরিয়া। শেষ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।
বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডেও খেলা হবে।
দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক নেপাল। ২২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত। একই দিন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নেপাল।
‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। অন্যদিকে ‘ডি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
আগামী ২৬ জানুয়ারি শেষ হবে গ্রুপ পর্ব। চার গ্রুপের শীর্ষ তিনটি করে দল জায়গা পাবে সুপার সিক্সে। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২ দল। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে।
আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। বৃষ্টির কথা বিবেচনায় রেখে ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। একই ভেন্যুতে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্যও পরদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।

-8564ab.webp)
