মধ্যপ্রাচ্যের সংকটে দক্ষিণ আফ্রিকায় আটকে পাকিস্তান নারী দল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আংশিক আকাশসীমা বন্ধ থাকায় দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফেরা পিছিয়ে গেছে পাকিস্তান নারী ক্রিকেট দলের। বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিওসুপার।
দলটির সোমবার রাতে ডারবান থেকে দুবাই হয়ে পাকিস্তানে ফেরার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্য অঞ্চলে ফ্লাইট পরিচালনা ব্যাহত হওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী যাত্রা সম্ভব হয়নি। যদিও আজ সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে, তবুও পূর্ণাঙ্গ স্বাভাবিকতা না ফেরা পর্যন্ত দলের যাত্রা শুরু হচ্ছে না বলে জানা গেছে।
ফলে ডারবানে দলের অবস্থান বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ফেরার বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তান নারী দল দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। দুটি সিরিজই ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।
তবে সফরের শেষ ম্যাচে দারুণ সাফল্য পেয়েছে পাকিস্তান। ডারবানের কিংসমিডে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৩০৬/৮ রান তোলে তারা। সাদাফ শামাস ও অধিনায়ক ফাতিমা সানার অর্ধশতকে বড় সংগ্রহ গড়ে ‘গ্রিন শার্টস’রা। পরে সমন্বিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৮৭ রানে গুটিয়ে দিয়ে ১১৯ রানের জয় নিশ্চিত করে পাকিস্তান।