Advertisement

আফগানিস্তানের জয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত বাংলাদেশের

এশিয়া পোস্ট স্পোর্টস
আফগানিস্তানের জয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত বাংলাদেশের
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

‘কাছাকাছি’ নয়, এবার সত্যিই নিশ্চিত। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই খেলবে বাংলাদেশ। বেলফাস্টে আয়ারল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার পথে থাকা শেষ শঙ্কাটুকুও দূর করেছে আফগানিস্তান।

Advertisement

আগামী ৩০ সেপ্টেম্বরের ওয়ানডে ক্রমতালিকা অনুযায়ী নির্ধারিত হবে বিশ্বকাপে সরাসরি খেলার দলগুলো। পূর্ণ সদস্য স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের জায়গা আগে থেকেই নিশ্চিত। তাদের বাইরে র‍্যাংকিংয়ের সেরা আট দল পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট।

দক্ষিণ আফ্রিকা বর্তমানে সেরা আটের মধ্যে থাকায় সামগ্রিক র‍্যাংকিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। ৮৩ পয়েন্ট নিয়ে সেই নবম স্থানটি বাংলাদেশের। ৭৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন আর বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো পথ নেই।

নির্ধারিত সময়সীমার আগে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সিরিজটি আয়োজন নিয়ে অবশ্য এখনো সংশয় রয়েছে। অন্যদিকে ৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

হিসাব অনুযায়ী বাংলাদেশ ভারতের কাছে তিন ম্যাচেই হারলেও এবং ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশের ওপরে উঠতে পারবে না ক্যারিবীয়রা। সামান্য ব্যবধান হলেও নবম স্থান ধরে রাখবে বাংলাদেশ। ফলে ভারতের বিপক্ষে সিরিজ হওয়া কিংবা না হওয়ার ওপর এখন আর বিশ্বকাপের টিকিট নির্ভর করছে না।

সমীকরণটি পুরোপুরি বাংলাদেশের পক্ষে এনে দিয়েছে আফগানিস্তানের জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ হারলেও সরাসরি বিশ্বকাপ খেলার অবস্থান হারাবে না আফগানরা। তাদের জায়গা নিশ্চিত হওয়ায় বাংলাদেশের নবম স্থান কেড়ে নেওয়ার মতো আর কোনো সম্ভাব্য দলও থাকল না।

সোমবার বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাট করে ৪৬ দশমিক ৩ ওভারে ২০৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে গ্যাভিন হোয়ে ৩৬ এবং কেড কারমাইকেল ৩২ রান করেন। আফগানিস্তানের রশিদ খান ও এ এম গজনফর নেন তিনটি করে উইকেট।

২০৭ রানের লক্ষ্য তাড়ায় রহমানউল্লাহ গুরবাজের ৭১ রানে ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। কিন্তু ১৭৬ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

সেখান থেকে দলকে জয় এনে দেন রশিদ। ৪৩ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। ইয়ামিন আহমদজাইকে সঙ্গে নিয়ে ৪৪ দশমিক ৫ ওভারে আফগানিস্তানকে লক্ষ্যে পৌঁছে দেন এই অলরাউন্ডার। বল হাতে ৪৪ রানে তিন উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচসেরা হন রশিদ।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে রহমত শাহের দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানে জিতেছিল আফগানিস্তান।

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে সরাসরি জায়গা নিশ্চিত করেছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান। স্বাগতিক হিসেবে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিত করা দশম দল।

অন্যদিকে টানা তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব পেরোলেও ২০২৩ সালে ব্যর্থ হয়েছিল ক্যারিবীয়রা। এবারও মূল পর্বে পৌঁছাতে তাদের অপেক্ষা করছে কঠিন পথ।

আফগানিস্তানের জয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত বাংলাদেশের