১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত, ভারতে শেষ হতে পারে আগারকারের অধ্যায়

ভারতের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), তবে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তার দায়িত্বে না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে ক্রিকবাজ। আগামী ৪ অক্টোবর শেষ হচ্ছে আগারকারের বর্তমান চুক্তি।
শুক্রবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের ৯৫তম বার্ষিক সাধারণ সভার পরও আগারকারের ভবিষ্যৎ নিয়ে কোনো ঘোষণা আসেনি। নির্বাচক কমিটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের পদাধিকারীদের হাতে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাও বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো সময় আছে। তার ভাষায়, ‘আমাদের হাতে এখনো ১৫ দিন আছে। ক্রিকেটের দুনিয়ায় ১৫ দিন অনেক সময়। আমরা সিদ্ধান্ত নেব এবং উপযুক্ত সময়ে আপনাদের জানাব।’
আগারকার ২০২৩ সালের জুলাইয়ে ভারতের প্রধান নির্বাচক হন। তার সময়েই ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জেতে। তবে সাম্প্রতিক সময়ে তার অবস্থান নিয়ে প্রশ্ন বাড়তে থাকে।
বিশেষ করে ইংল্যান্ড সফর পর্যালোচনায় বিসিসিআইয়ের একটি বৈঠকে আগারকারের অনুপস্থিতি এবং রোহিত শর্মাকে ঘিরে নির্বাচকদের অবস্থান নিয়ে বিতর্কের পর জল্পনা আরও বাড়ে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, লর্ডস ওয়ানডের আগে নির্বাচকেরা রোহিতকে ভবিষ্যৎ পরিকল্পনায় না থাকার কথা জানিয়েছিলেন বলে খবর আসে; পরে বিষয়টিতে বিসিসিআই হস্তক্ষেপ করে।
সাম্প্রতিক নির্বাচনী বৈঠকেও আগারকার উপস্থিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ইরানি কাপ ও ভারত ‘এ’ দলের স্কোয়াড নির্বাচন করা হয় সেই সভায়। বৈঠক স্বাভাবিকভাবেই হলেও সেটিই আগারকারের বর্তমান মেয়াদের শেষ নির্বাচনী সভা হতে পারে বলে আলোচনা শুরু হয়।
আগারকারের মেয়াদ শেষ হলে সঙ্গে সঙ্গে নতুন প্রধান নির্বাচক নিয়োগ করা কঠিন হতে পারে। বিসিসিআইকে পদটির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যাচাই ও সাক্ষাৎকারের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফলে নতুন প্রধান নির্বাচক পেতে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে ক্রিকবাজ।
সেই পরিস্থিতিতে বর্তমান নির্বাচক প্রজ্ঞান ওঝাকে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমান কমিটির অন্য চার সদস্যের তুলনায় বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আর স্থায়ী প্রধান নির্বাচক হিসেবে সাবেক ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেলের নামও আলোচনায় আছে। তবে এ বিষয়ে বিসিসিআই এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।
আগারকারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত ছবি তাই পরিষ্কার হবে আগামী দুই সপ্তাহের মধ্যেই।


