logo

বিশ্বকাপে না খেলার ঘটনায় আর কোনো ব্যবস্থা নিতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপে না খেলার ঘটনায় আর কোনো ব্যবস্থা নিতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ভিডিও থেকে নেওয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেওয়া উচিত ছিল বলে মত দিয়েছে তদন্ত কমিটি। এরপরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়ার পথে যেতে চান না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তার বক্তব্য, শাস্তি দিয়েই সব সমস্যার সমাধান করা যায় না।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অবস্থান জানান প্রতিমন্ত্রী। ‘ক্রীড়া কার্ড’-এর আওতায় ক্রীড়াবিদদের বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে একটি সভার আগে কথা বলেন তিনি।

তদন্ত প্রতিবেদনের পর বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাওয়া হয় আমিনুল হকের কাছে। জবাবে তিনি বলেন, ‘শুধু শাস্তি দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না।’

প্রতিমন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে কোনো ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার কারণে বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি উঠে এসেছে। ভবিষ্যতে একজনের সিদ্ধান্তে যাতে জাতীয় দলকে এমন পরিস্থিতিতে পড়তে না হয়, সে বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।

আমিনুল হক বলেন, ‘দেশ আমাদের সবার। কোনো ব্যক্তির ইচ্ছায় যেন ভবিষ্যতে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়, সে মেসেজটি এরইমধ্যে আমরা দিয়েছি।’

এ ঘটনায় নতুন পদক্ষেপ নিতে না চাওয়ার ব্যাখ্যায় প্রতিমন্ত্রী বলেন, যা ঘটে গেছে, তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক থাকার ওপর জোর দেন তিনি।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল বিসিবি। আইসিসি সেই অনুরোধ মেনে নেয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে বিসিবি রাজি না হওয়ায় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।