logo

বিসিবির বোর্ড মিটিংয়ে আসতে পারে বেশকিছু কঠিন সিদ্ধান্ত

বিসিবির বোর্ড মিটিংয়ে আসতে পারে বেশকিছু কঠিন সিদ্ধান্ত

মিরপুরে শুরু হয়েছে বিসিবির চতুর্থ বোর্ড সভা। এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি বিসিবির তৃতীয় বোর্ড সভার দিনে জানা যায়, পদত্যাগ করেছেন বিসিবির অন্যতম প্রভাবশালী পরিচালক ইশতিয়াক সাদেক। আজকের বোর্ড সভাতেও কি ঘটবে এমন কোনো অঘটন। 

ইশতিয়াক সাদেকের পর মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা আমজাদ হোসেনও পদত্যাগ করেন। আর চতুর্থ বোর্ড সভার দুদিন আগে বিসিবির লজিস্টিকস ও প্রোটোকল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করা ইয়াসির ফয়সাল পদত্যাগ করেছেন। সব মিলিয়ে টালমাটাল বিসিবিকে গতিশীল করতেই বিসিবির এই চতুর্থ বোর্ড সভা। 

পদত্যাগ করা পরিচালকদের দায়িত্ব পুনর্বণ্টন ছাড়াও বিসিবি মিটিং থেকে আসতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।  যার মধ্যে অন্যতম নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন আর নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। এ ছাড়া প্রধান অর্থ কর্মকর্তা, হেড অব আইটিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদের নিয়োগ হতে পারে চূড়ান্ত। 

বিকেল তিনটায় শুরু হওয়া মিটিং শেষ হতে পারে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা নাগাদ। যদিও অতীতে আরও দীর্ঘ সময় ধরে মিটিং করার অভিজ্ঞতা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

মিটিং যত দীর্ঘ হোক কিংবা ছোটই হোক না কেন! বোর্ড কর্তাদের আজ নিতে হবে বেশকিছু কঠিন সিদ্ধান্ত।