Advertisement

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

এশিয়া পোস্ট স্পোর্টস
আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম
তামিম ইকবাল। ছবি: বিসিবি

বিশ্ব ক্রিকেটের প্রশাসনে নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।

স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির বার্ষিক সভা শেষে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি বোর্ডের অনুমোদনে নতুন এই উপকমিটি গঠন করা হয়েছে।

তামিমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন ক্রিকেট নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গোল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সংখ্যা ও প্রভাব দ্রুত বাড়তে থাকায় এই কমিটি গঠন করল আইসিসি। তবে কমিটির কার্যপরিধি, মেয়াদ কিংবা প্রথম বৈঠকের সময় এখনো প্রকাশ করা হয়নি।

একই সভায় তামিমকে আরও একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড। বিসিবির নবনির্বাচিত সভাপতি হিসেবে তাকে বাংলাদেশের পূর্ণ সদস্য পরিচালক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে আইসিসির নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির পাশাপাশি একটি গভর্ন্যান্স রিভিউ কমিটিও গঠন করেছে আইসিসি। সেই কমিটির চেয়ারম্যান হয়েছেন ভারতের দেবজিৎ সাইকিয়া। সদস্য হিসেবে রয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি ও আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ।

এডিনবরার সভায় মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবেও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে সহায়তার জন্য ১ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড।