logo

বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় আইকন চূড়ান্ত, নিলাম ২৬ অক্টোবর

বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় আইকন চূড়ান্ত, নিলাম ২৬ অক্টোবর
বিসিবির নতুন টুর্নামেন্টের লোগো। ছবি: ভিডিও থেকে নেওয়া

একই ছয় ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে টি-টোয়েন্টি, ওয়ানডে ও প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ডোমেস্টিক থ্রি’ বা ডি-থ্রি নামের এই নতুন কাঠামোয় প্রতিটি দল ২৩ জন ক্রিকেটার নিতে পারবে। খেলোয়াড়দের নিলাম হবে আগামী ২৬ অক্টোবর।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নতুন এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বিসিবি। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ছয় দলের আইকন ক্রিকেটারও নির্ধারিত হয়েছে। সেভেন রিংসের আইকন মুশফিকুর রহিম, ফরচুন গ্রুপের তাওহীদ হৃদয়। অন্য চার দলের আইকন মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান।

 ফ্র্যাঞ্চাইজি আইকন ক্রিকেটার
 সেভেন রিংস মুশফিকুর রহিম
 একমি গ্রুপ মোসাদ্দেক হোসেন সৈকত
 সিটিজেন্স ব্যাংক নাঈম শেখ
 এইস-ব্লুস্টারস নুরুল হাসান সোহান
 ওয়ালটন মেহেদী হাসান
 ফরচুন গ্রুপ তাওহীদ হৃদয়

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা হলেও দলগুলোর খরচের সীমা ঠিক করে দেবে বিসিবি। ক্রিকেটার ও কোচিং স্টাফদের পারিশ্রমিকও নির্ধারণ করবে বোর্ড। ব্যয় নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের আয় ও খেলার সুযোগ বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।

খেলোয়াড় নিলামের আগে আগামী ২৯ সেপ্টেম্বর হবে ম্যানেজমেন্ট ড্রাফট। সেখান থেকে দলগুলো কোচ, বিশ্লেষক, ট্রেনার ও ফিজিও বেছে নেবে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর বরিশালে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ডি-থ্রির মাঠের লড়াই। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেট এবং মে মাসে হবে ৫০ ওভারের প্রতিযোগিতা।

বরিশালের পাশাপাশি দ্বিতীয় ভেন্যু হিসেবে খুলনাকে বিবেচনা করা হচ্ছে। সেখানে আয়োজন সম্ভব না হলে খেলা হবে ঢাকায়।

তিন সংস্করণ মিলিয়ে মোট ম্যাচ হবে ৪২টি। এর মধ্যে টি-টোয়েন্টিতে ১৯টি, ওয়ানডেতে ১৬টি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ৭টি ম্যাচ রাখা হয়েছে। পুরো মৌসুমে প্রতিটি দল সর্বনিম্ন ১২টি থেকে সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলার সুযোগ পাবে।