স্যামসনের ব্যাটে চড়ে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

কলকাতার ইডেন গার্ডেন্সে রানের লড়াইয়ে দাপট দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা, যেখানে ম্যাচের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন।
সুপার এইট পর্বে এটি ভারতের দ্বিতীয় জয়। আর এতেই গ্রুপ-১ থেকে অপরাজিত দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিফাইনালে উঠল সুর্যকুমার যাদবের দল।
কঠিন লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দায়িত্বশীল ছিলেন ডানহাতি ওপেনার স্যামসন। ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসে তিনি মারেন ১২টি চার ও ৪টি ছক্কা। ইনিংস জুড়ে ঝুঁকি ও নিয়ন্ত্রণের নিখুঁত সমন্বয়ে ম্যাচ ভারতের নাগালে রাখেন তিনি।
মধ্যক্রমে তিলক ভার্মা ১৫ বলে ২৭ রানের কার্যকর ক্যামিও খেলেন। অধিনায়ক সুর্যকুমার যাদব (১৮) ও হার্দিক পান্ডিয়া (১৭) গুরুত্বপূর্ণ সময়ে রান যোগ করে চাপ কমান। শেষ পর্যন্ত চার বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ ও জেসন হোল্ডার দুটি করে উইকেট নেন, আকিল হোসেন পান একটি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সুর্যকুমার, তবে শুরুটা ছিল ওয়েস্ট ইন্ডিজের। শাই হোপ ও রোস্টন চেজের ৬৮ রানের জুটিতে শক্ত ভিত পায় তারা। হোপ ৩২ রান করে ফেরেন, আর চেজ ২৫ বলে ৪০ রান করেন।
মাঝে শিমরন হেটমায়ার (১২ বলে ২৭) দ্রুত রান তুলে ম্যাচে গতি আনেন। তবে জসপ্রীত বুমরাহ এক ওভারে চেজ ও হেটমায়ারকে ফিরিয়ে ভারতের ম্যাচে ফেরার পথ তৈরি করেন।
১৫তম ওভারে শেরফেন রাদারফোর্ড আউট হলে ১১৯/৪ অবস্থায় চাপে পড়ে ক্যারিবীয়রা। সেখান থেকে রভম্যান পাওয়েল (১৯ বলে ৩৪*) ও জেসন হোল্ডার (২১ বলে ৩৭*) ৩৫ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে নিয়ে যান ১৯৫/৪-এ।
ভারতের হয়ে বুমরাহ ছিলেন সবচেয়ে সফল, চার ওভারে ৩৬ রান দিয়ে নেন দুটি উইকেট। বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া নেন একটি করে উইকেট।