১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

দীর্ঘ ১৫ বছর পর আবারও বাংলাদেশে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
সূচি অনুযায়ী, ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের একটি শূন্যতা কাটছে। ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে নতুন সম্প্রচার চুক্তির কারণে এবার সিরিজটি অস্ট্রেলিয়াতেও সরাসরি দেখা যাবে, যা আগের সফরে সম্ভব হয়নি।
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া, যেখানে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। মে মাসের শেষ দিকে শুরু হতে পারে সেই সিরিজ।
জাতীয় নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, এই সফরকে সামনে রেখে মে মাসে ব্রিসবেনে একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করা হবে। তবে যারা বিভিন্ন টি-টোয়েন্টি লিগ বা কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকবেন, তারা এই ক্যাম্পে অংশ নেবেন না।
অস্ট্রেলিয়ার সর্বশেষ বাংলাদেশ সফর ছিল ২০২১ সালে, যখন তারা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়। সেই সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
আরও পেছনে গেলে, ২০১১ সালের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে শেন ওয়াটসনের অপরাজিত ১৮৫ রানের ইনিংস এখনও স্মরণীয় হয়ে আছে।
আসন্ন এই সিরিজটি আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবেও দেখছে দলটি।