logo

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ নারী দল। ব্যাট ও বল হাতে সমন্বিত পারফরম্যান্সে ২৫ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা, সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। তবে চামারি আতাপাত্তু ও ইমেশা দুলানির জুটিতে দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৪২ রানের জুটি। আতাপাত্তু আউট হলেও এরপর দুলানি ও হার্শিতা সামারাবিক্রমার ব্যাটে শক্ত ভিত পায় সফরকারীরা।

তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের ৮০ রানের জুটিই মূলত বড় স্কোরের পথ তৈরি করে দেয়। দুলানি ৪০ বলে ৫৫ রান করেন, আর সামারাবিক্রমা ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে রান তোলার গতি বাড়িয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ও জুয়েরিয়া ফেরদৌস ২১ বলে ৩৯ রান তুলে দ্রুত সূচনা এনে দেন। কিন্তু সেই গতি ধরে রাখতে পারেনি দল। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে রান তোলার গতি কমে যাওয়ায় চাপ বাড়তে থাকে। ৩৯ রানের জুটি গড়ে তারা ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও আতাপাত্তু এসে সেই জুটি ভেঙে দেন।

অন্য প্রান্তে স্বর্ণা একাই লড়াই চালিয়ে যান। ৪৫ বলে ৬০ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পর্যাপ্ত সমর্থন না পেয়ে দলকে জয়ের পথে নিতে পারেননি। ইনিংসের শেষ বলে রান আউট হয়ে ফেরেন এই ব্যাটার।

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৩৬ রান।

শ্রীলঙ্কার হয়ে আতাপাত্তু ব্যাটে ৩২ রান করার পাশাপাশি বল হাতে নেন ২ উইকেট। মালকি মাদারাও নেন ২টি উইকেট।