logo

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় অনুষ্ঠিতব্য এই সিরিজের প্রথম ম্যাচ হবে ১১ মার্চ, পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ।

গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে থাকা কয়েকজন ক্রিকেটার এবার দলে জায়গা পাননি। তাদের মধ্যে আছেন ব্যাটার নুরুল হাসান, জাকের আলি ও শামীম হোসেন।

এছাড়া ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না দুই পেসার হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। হাসান মাহমুদ ডান হাতে টেনিস এলবো সমস্যায় ভুগছেন, আর তানজিম সাকিবের রয়েছে পিঠের চোট। বোর্ড জানিয়েছে, দুজনই মাসের শেষ নাগাদ পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।

দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স বিবেচনায় তাকে আবারও সুযোগ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেন, মিডল অর্ডারে বেশ কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও সবাই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সে কারণেই আফিফকে আবার দলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আফিফের অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে সে ভালো ছন্দে আছে। একই সঙ্গে মাহিদুল ইসলাম ভূইয়ানকে দলে রাখা হয়েছে। তার সামনে নিজের সামর্থ্য প্রমাণের এটি একটি ভালো সুযোগ।’

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও ব্যাটার লিটন দাসের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। নির্বাচকদের মতে, কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন লিটন এবং খুব শিগগিরই তিনি নিজের সেরা ছন্দে ফিরতে পারেন। তাকে মিডল অর্ডার শক্তিশালী করার একটি বিকল্প হিসেবেও ভাবা হচ্ছে।

বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূইয়ান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।