logo

গুঞ্জন কাটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

গুঞ্জন কাটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (২৮ মার্চ) গভীর রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি।গতকাল দেশে ফেরার পর তিনি আজ বিসিবিতেও এসেছেন।

গত ১৬ ফেব্রুয়ারি পরিবারসহ রমজান ও ঈদ উদযাপনের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় যান বুলবুল। পরিবার সেখানে বসবাস করায় দায়িত্ব নেওয়ার পরও তাকে একাধিকবার দেশের বাইরে থাকতে দেখা গেছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং বিসিবির বর্তমান কমিটি ঘিরে বিতর্কের কারণে এবারের সফরকে ঘিরে তৈরি হয় নানা গুঞ্জন—অনেকে ধারণা করেছিলেন, তিনি হয়তো আর দেশে ফিরবেন না।

এর আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৬ বা ২৭ মার্চের মধ্যে দেশে ফিরবেন বুলবুল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আবারও আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত দেশে ফিরে সেই সব জল্পনার ইতি টানলেন বিসিবি প্রধান।

তবে দেশে ফিরেই স্বস্তিতে থাকার সুযোগ নেই তার সামনে। বিসিবির সর্বশেষ নির্বাচন ঘিরে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। অভিযোগ উঠেছে, ঢাকার ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অনেক কাউন্সিলরকে বঞ্চিত করে নির্বাচন পরিচালিত হয়েছে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন একাধিক সংগঠক।

এই অভিযোগের ভিত্তিতে নির্বাচনের স্বচ্ছতা যাচাই করতে ইতোমধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এপ্রিলের শুরুতেই সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে নির্বাচনি প্রক্রিয়ায় বুলবুলের ভূমিকাও প্রশ্নের মুখে। অভিযোগ রয়েছে, কাউন্সিলরশিপ-সংক্রান্ত বিষয়ে তিনি নিয়মবহির্ভূতভাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফলে তদন্ত কমিটির সামনে তাকেও জবাব দিতে হতে পারে।

সব মিলিয়ে, দেশে ফিরলেও বিসিবি সভাপতির সামনে এখন বড় চ্যালেঞ্জ—এই তদন্তের ফলাফলই নির্ধারণ করে দিতে পারে বোর্ডের বর্তমান কমিটির ভবিষ্যৎ।