Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া পোস্ট স্পোর্টস
অস্ট্রেলিয়ার মাটিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিং করছে নাজমুল হোসেনের দল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

Advertisement

ম্যাচ শুরুর পর অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে শুরুতে বেশ চাপে রেখেছেন বাংলাদেশের পেসাররা। প্রথম ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯ রান, কোনো উইকেট না হারিয়ে।

তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নতুন বল হাতে শুরু করেন। তাসকিনের প্রথম ওভারে ৫ রান এলেও তার বোলিংয়ে ছিল নিয়ন্ত্রিত লাইন ও লেংথ। একবার হেডকে পায়ের ওপরের দিকে বল করে পরাস্তও করেন তিনি।

হাসান মাহমুদের তৃতীয় ওভারে উইকেটের ঘাসের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বল কিছুটা বেশি লাফানোর পাশাপাশি সুইংও করেছে। ওই ওভারে হেড মিসটাইমিং করে ক্যাচ তুললেও তা নিরাপদ জায়গায় পড়ে। পরের দিকে ওয়েদারাল্ডকে দারুণ লেংথের বলে পরাস্ত করেন হাসান।

ম্যাচ শুরুর আগে ফক্স ক্রিকেটকে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড বলেছিলেন, মারারা স্টেডিয়ামের উইকেট বেশ শক্ত এবং তাতে ঘাসও রয়েছে। শুরুর কয়েক ওভারে তার কথার প্রতিফলনই দেখা গেছে।

বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার রাখা হয়েছে। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদের সঙ্গে আছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার একাদশে আছেন তিন বিশেষজ্ঞ পেসার—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। স্পিনার নাথান লায়নের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন বো ওয়েবস্টার।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই সফরে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে আরও চারটি টেস্ট হয়েছে, তবে সব কটিই হয়েছে বাংলাদেশের মাটিতে।

এবারের সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল নাজমুল হোসেনের দল।

ম্যাচ শুরুর আগে মাঠে ছিল আনুষ্ঠানিকতাও। সিরিজের ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। বাংলাদেশের বিপক্ষে ২০০৬ সালের টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। টেস্ট ইতিহাসে নাইটওয়াচম্যান হিসেবে সেটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

অস্ট্রেলিয়ার মাটিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ