শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ড বাতিল কিংবা নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে পরিকল্পিত অপপ্রচার উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ড বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করেছে বলে কয়েকটি অনলাইন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এমন কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি।
বিবৃতিতে বিসিবি বলেছে, ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড কিংবা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের অন্য আন্তর্জাতিক ভেন্যুগুলোর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার সিদ্ধান্ত বোর্ড নেয়নি।’
বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর মিরপুরে তিনটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে। বিসিবির দাবি, প্রতিটি সিরিজেই শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম দর্শকদের সামনে দৃশ্যমান ছিল। টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি ম্যাচের টিকিট ও প্রচারণার বিভিন্ন উপকরণেও স্ট্যান্ডগুলোর নাম ব্যবহার করা হয়েছে।
তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় স্ট্যান্ডের নামসংবলিত সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা সাময়িকভাবে সরিয়ে রাখা হতে পারে বলে জানিয়েছে বিসিবি। ম্যাচ না থাকা দিনগুলোতেই সাধারণত এসব কাজ করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে আবু সাঈদের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবেই তার নামে স্ট্যান্ডটির নামকরণ করা হয়েছিল উল্লেখ করে বিসিবি বলেছে, এ বিষয়ে বিভ্রান্তি বা জল্পনার কোনো সুযোগ নেই।
বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করছে বিসিবি। ভবিষ্যতে এমন অপচেষ্টার বিরুদ্ধে বোর্ডের নীতিমালা অনুযায়ী কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করার কথাও জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।



