logo

যেভাবে আইপিএলের নতুন রত্ন মুকুলকে খুঁজে পেল লখনউ

যেভাবে আইপিএলের নতুন রত্ন মুকুলকে খুঁজে পেল লখনউ

আইপিএলের বিশাল প্রতিযোগিতার ভিড়ে প্রায়ই নতুন মুখ উঠে আসে আলোচনায়। তবে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মুকুল চৌধুরীর উত্থানের গল্পটা একটু ভিন্ন। এখানে যেমন আছে প্রতিভা, তেমনি আছে ডাটা বিশ্লেষণের সূক্ষ্ম নজর।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল লখনউর। সেই পরিস্থিতিতে ২৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ২২ বছর বয়সি মুকুল। শেষ দুই বলে যখন দরকার ছিল ৭ রান, তখন ছক্কা ও সিঙ্গেলে ম্যাচ শেষ করেন তিনি।

ম্যাচ শেষে কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, কয়েক মাস আগে একটি ট্রেনিং ক্যাম্পেই প্রথম নজরে পড়েন মুকুল। তবে তাকে দলে নেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল দলের ডাটা অ্যানালিস্ট শ্রীনিবাসের। তিনিই কোচিং স্টাফকে এই তরুণকে নেওয়ার জন্য জোরালোভাবে পরামর্শ দেন।

ল্যাঙ্গার মুকুলের ফিটনেস ও ক্রিকেট বোধের বিশেষ প্রশংসা করেছেন। উইকেটের মাঝে তার দৌড়কে তিনি তুলনা করেছেন বিরাট কোহলির সঙ্গে, আর ম্যাচ শেষ করার মানসিকতা খুঁজে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির মতো।

কোচের ভাষায়, মুকুল শুধু শক্তিশালী ব্যাটারই নন, তিনি একজন স্বাভাবিক অ্যাথলিট। ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতাও তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। অনুশীলনেও তার শেখার আগ্রহ নজর কেড়েছে দলের।

ল্যাঙ্গার আরও বলেন, ভারতের ক্রিকেটে প্রতিভার ভাণ্ডার এত বড় যে প্রতিনিয়ত নতুন খেলোয়াড় উঠে আসছে। মুকুল সেই তালিকারই সাম্প্রতিক সংযোজন।

এই ইনিংস শুধু একটি ম্যাচ জেতায়নি, বরং লখনউ শিবিরে আত্মবিশ্বাসও বাড়িয়েছে। আর মুকুল চৌধুরী বুঝিয়ে দিয়েছেন, সুযোগ পেলে অজানা ক্রিকেটাররাও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে তিনি প্রস্তুত।