logo

আট বছর পর ফিরছে আফগান লিগ, ড্রাফটে ৮ বাংলাদেশি

আট বছর পর ফিরছে আফগান লিগ, ড্রাফটে ৮ বাংলাদেশি
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

আট বছর পর ফিরছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার খেলোয়াড় বাছাইয়ে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞদের পাশাপাশি রয়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিমের মতো তরুণরাও।

এপিএলের আসন্ন আসরের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার রয়েছেন পাঁচ শতাধিক। বাংলাদেশের আট ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম দিকে নিবন্ধন করেন সাকিব, তাসকিন ও নাহিদ। পরে তাদের সঙ্গে যোগ দেন মুশফিক ও মোস্তাফিজ। গত ৬ অক্টোবর হৃদয় ও রিশাদের নাম যুক্ত হওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছিল সাতজনে। এবার তানজিদকে নিয়ে সেই সংখ্যা বেড়ে হয়েছে আট।

শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই নন, ড্রাফটে নাম লিখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, গুড়াকেশ মোতি ও আলজারি জোসেফ, ইংল্যান্ডের লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

প্রথমে গত ২৭ সেপ্টেম্বর খেলোয়াড় বাছাইয়ের আয়োজন করার কথা থাকলেও পরে সূচি পরিবর্তন করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ড্রাফট। পাঁচ দলের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর।

এপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় সেবার শিরোপা জিতেছিল মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন বালখ লিজেন্ডস। ফাইনালে কাবুল জাওয়ানানকে চার উইকেটে হারিয়েছিল দলটি। এরপর আর আয়োজন করা হয়নি আফগানিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা।

দীর্ঘ বিরতির পর এবার নতুন করে এপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এরই মধ্যে কাবুল, বালখ ও কান্দাহারের তিনটি দলের মালিকানা চূড়ান্ত হয়েছে। বাকি দুই দলের মালিকানা নির্ধারণের প্রক্রিয়া এখনো চলছে।