logo

সাবেক বিসিবি পরিচালক মাহমুদ জামাল আর নেই

সাবেক বিসিবি পরিচালক মাহমুদ জামাল আর নেই
সাবেক পরিচালক ও প্রবীণ ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও প্রবীণ ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদ জামালের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিসিবি। রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ এই সংগঠক চার দশকেরও বেশি সময় ধরে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন।

দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাহমুদ জামাল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক কার্যক্রমেও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা ছিল। ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হন মাহমুদ জামাল। এরপর ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো বোর্ডের পরিচালক নির্বাচিত হন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।