অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ ওয়েস্ট ইন্ডিজের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেনে বৃহস্পতিবার ইতালিকে ৪২ রানে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ক্যারিবীয় দল।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি গুটিয়ে যায় ১৮ ওভারে ১২৩ রানে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে বড় জুটি গড়তে পারেনি ইউরোপের নতুন দলটি।
ইতালির হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন বেন মানেন্তি। জেজে স্মাটস ২৪ এবং অ্যান্থনি মস্কা ১৯ রান যোগ করেন। গ্রান্ট স্টুয়ার্ট শেষদিকে ১২ রানের ছোট ঝলক দেখালেও বাকিরা ব্যর্থ হন। বল হাতে শামার জোসেফ ছিলেন দিনের সেরা পারফরমার। চার ওভারে ৩০ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাথিউ ফোর্ড ৩টি এবং গুডাকেশ মোতি ২টি উইকেট শিকার করেন। একটি উইকেট নেন আকিল হোসেন।
এর আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ধাক্কা খায়। ওপেনার ব্র্যান্ডন কিং দ্রুত বিদায় নেন। পাওয়ারপ্লের মধ্যেই আউট হন শিমরন হেটমায়ারও। ৪.১ ওভারে ৩১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
এরপর অধিনায়ক শাই হোপ ও রস্টন চেজ জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। তৃতীয় উইকেটে তাদের ৬৪ রানের জুটি দলকে এগিয়ে নেয়। চেজ ২৫ বলে ২৪ রান করে ফেরেন। হোপ ছিলেন ইনিংসের নায়ক। ৪৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা।
মাঝে নিয়মিত উইকেট পড়লেও শেষদিকে শেরফেন রাদারফোর্ড অপরাজিত ২৪ এবং ম্যাথিউ ফোর্ড ১৬ রানের ঝড়ো ক্যামিও খেলায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ১৬৫ রানে।
ইতালির হয়ে বেন মানেন্তি ও ক্রিশান কালুগামাগে দুটি করে উইকেট নেন।
এই জয়ে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য ধরে রাখল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।