Advertisement
ইন্ডিয়া টুডের প্রতিবেদন

শেখ হাসিনার প্রকাশ্যে আসার অনুষ্ঠানে সাকিবেরও নাম

এশিয়া পোস্ট স্পোর্টস
শেখ হাসিনার প্রকাশ্যে আসার অনুষ্ঠানে সাকিবেরও নাম
সাকিব আল হাসান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: এক্স

দুই বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্য কোনো গণমাধ্যম অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তালিকায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামও রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপনডেন্টস ক্লাবের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাকিবসহ বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তির নাম রয়েছে।

ইন্ডিয়া টুডের খবরের স্ক্রিনশট।
ইন্ডিয়া টুডের খবরের স্ক্রিনশট।

নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। বাংলাদেশ সময় যা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা। ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত রূপরেখা নিয়ে কথা বলতে পারেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে যাওয়ার পর এটিই হতে যাচ্ছে তাঁর সবচেয়ে বড় প্রকাশ্য গণমাধ্যম উপস্থিতি।

আমন্ত্রণপত্রে সাকিব ছাড়াও শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আরও কয়েকজনের নাম রয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করার কথা এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আওয়াদের।

সাকিব ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই বছরের আগস্টে সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্যের মেয়াদও শেষ হয়।

তবে আমন্ত্রণপত্রে সাকিবের নাম থাকার কথা জানালেও তিনি অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে আলাদা কোনো তথ্য দেয়নি ইন্ডিয়া টুডে। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে সাকিব শ্রীলঙ্কায় অবস্থান করছেন।