ফাইফারের পরও দলের জয়কেই বড় হিসেবে দেখছেন নাহিদ

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্সের পরও নিজের সাফল্যের চেয়ে দলের জয়কেই বড় করে দেখলেন নাহিদ রানা। ম্যাচশেষ সংবাদ সম্মেলনে তরুণ এই পেসার পরিষ্কার করে দিলেন, তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ দলকে জেতানো।
নাহিদ বলেন, ‘প্রত্যেক ম্যাচ সবসময় ভালো যায় না। আগের ম্যাচটা আমার জন্য ভালো ছিল না, আমি এক্সিকিউট করতে পারিনি। আজকে চেষ্টা করেছি প্ল্যান অনুযায়ী বোলিং করতে, আলহামদুলিল্লাহ সেটা হয়েছে।’
পুরো স্পেলজুড়ে ১৪০ কিমি গতির ওপরে ধারাবাহিক বোলিং করার রহস্য হিসেবে ফিটনেসকেই সামনে আনলেন নাহিদ।
‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ফিট রেখেছেন। আমরা নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করি জিম, রানিং, ট্রেনারের সঙ্গে কাজ করি। ম্যাচে যেন ক্লান্ত না হই, সেই প্রস্তুতিটা বাইরে থেকেই নিতে হয়,’ বলেন তিনি।
এই ম্যাচে তার পাঁচ উইকেটের তিনটিই এসেছে ওভারের প্রথম বলে। তবে এটাকে আলাদা কোনো পরিকল্পনা হিসেবে দেখছেন না নাহিদ।
‘আমি সবসময় চেষ্টা করি টিমের জন্য ইমপ্যাক্ট তৈরি করতে। সেটা একটা ওভারেও হতে পারে, একটা স্পেলেও হতে পারে। আমার কাছে উইকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দল জিতছে কি না।’
নিজের উন্নতির জায়গাটাও স্পষ্ট করেছেন এই পেসার। ‘আগের ম্যাচে উইকেট খারাপ ছিল না, কিন্তু আমি ভালো এক্সিকিউট করতে পারিনি। আজকে সেই ভুলগুলো না করার চেষ্টা করেছি, ভালো জায়গায় বল করেছি।’
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ও এই ম্যাচে দুই সিরিজেই পাঁচ উইকেট পেয়েছেন নাহিদ। তবে তার কাছে দুটোর গুরুত্ব সমান।
‘সব উইকেটই আমার কাছে স্পেশাল। একজন বোলারের কাছে কম-বেশি বলে কিছু নেই। আমি খুশি যে দলের জন্য ইমপ্যাক্টফুল পারফরম্যান্স করতে পেরেছি।’
নিজের স্কিল উন্নয়নের জায়গাও তুলে ধরেছেন নাহিদ। ‘সময় নিয়ে কাজ করছি। কোচদের সঙ্গে কাজ করছি, নতুন কিছু শিখছি। প্র্যাকটিসে ভালো ফিল হলে সেটাই ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করি।’
সিরিজ এখন সমতায়। শেষ ম্যাচ চট্টগ্রামে। নাহিদের চোখ এখন সেখানেই। ‘হোম কন্ডিশনে আমরা সুবিধা নেওয়ার চেষ্টা করবো। তবে মাঠে যে ভালো খেলবে, সেই জিতবে।’