logo
Advertisement

বৈভবকে ‘এক বছরের বিস্ময়’ হতে দিতে চায় না বিসিসিআই

বৈভবকে ‘এক বছরের বিস্ময়’ হতে দিতে চায় না বিসিসিআই
বৈভব সূর্যবংশী। ছবি: আইসিসি

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটের বড় আলোচনার নাম হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। তবে তার তাৎক্ষণিক সাফল্যে ভেসে যেতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। শচীন টেন্ডুলকারের মতো দীর্ঘ সময় দেশের হয়ে খেলতে পারেন, এমনভাবে বৈভবকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই।

Advertisement

বৃহস্পতিবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় বৈভবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সভা শেষে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানান, কিশোর এই ব্যাটসম্যানের ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাইকিয়া বলেন, ‘আমরা চাই বৈভব সূর্যবংশী কিংবা তার মতো প্রতিভাবান কোনো খেলোয়াড় শচীন টেন্ডুলকারের মতো দীর্ঘদিন দেশের সেবা করুক এবং কিংবদন্তি হয়ে উঠুক।’

বৈভবকে নিয়ে বিসিসিআই যে কোনো তাড়াহুড়ো করতে চায় না, সেটিও স্পষ্ট করেছেন বোর্ড সচিব। তার ভাষায়, ‘আমরা খুব সতর্ক। সে যেন সঠিক পথে এগোয় এবং শুধু এক সিরিজ কিংবা এক বছরের বিস্ময় হয়ে না থাকে।’

আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় ক্রিকেটে আলোড়ন তোলেন বৈভব। এরপর ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ১৫১ রান করে ঘুরে দাঁড়ান এই বাঁহাতি ব্যাটসম্যান।

ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বৈভব। মধ্যাঞ্চলের বিপক্ষে দুলীপ ট্রফির সেমিফাইনালে ৮১ বলে ৯২ রান করেন তিনি। এতে প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অর্ধশতকের রেকর্ড গড়েন। দ্বিতীয় ইনিংসে খেলেন দ্রুতগতির ৪০ রানের আরেকটি ইনিংস। তার পারফরম্যান্সে ১৩ বছর পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে পূর্বাঞ্চল।

আগামী ৬ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। তবে বৈভব সেই ম্যাচে খেলবেন কি না, তা নির্ভর করছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের ওপর।

বৈভব একাই নন, ভারতের পরবর্তী প্রজন্মের আরও ১০ থেকে ১৫ জন ক্রিকেটারকে বিশেষভাবে পর্যবেক্ষণ করছে বিসিসিআই। বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ তাদের অনুশীলন ও দক্ষতা উন্নয়নের কাজ দেখছেন।

আফগানিস্তানের বিপক্ষে ১৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের দলে রয়েছেন বৈভব। লক্ষ্মণের অধীনে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ভারতীয় দলের সঙ্গেও থাকবেন তিনি।