টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলে গম্ভীরের ভবিষ্যৎ অনিশ্চিত!

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারলে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)— এমন আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার মনোজ তিওয়ারি। তার মতে, শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলে গম্ভীরের ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে পড়বে।
২০২৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে এখনো অপরাজিত থাকলেও টেস্ট ও ওয়ানডেতে ভারতের সাম্প্রতিক ফল গম্ভীরের ওপর চাপ বাড়িয়েছে। তার কোচিংয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট সিরিজ হারার পাশাপাশি সম্প্রতি দুর্বল নিউজিল্যান্ড দলের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হেরেছে ভারত।
এই প্রেক্ষাপটে তিওয়ারির দাবি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ গম্ভীরের জন্য কার্যত ‘ডু অর ডাই’ পরিস্থিতি তৈরি করেছে। টুর্নামেন্টে ব্যর্থ হলে বিসিসিআই বড় সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
তিওয়ারি এক সাক্ষাৎকারে বলেন, বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গম্ভীরের চুক্তি বহাল থাকার কথা বলা হলেও, বিশ্বকাপের ফলই শেষ পর্যন্ত কোচের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তার মতে, শিরোপা না এলে বোর্ড গম্ভীরকে সরিয়ে দেওয়ার পথেও হাঁটতে পারে।
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘গ্রুপ এ’-তে রয়েছে পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিওয়ারি সাবেক তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণকে সম্ভাব্য কোচ হিসেবে বিবেচনার পরামর্শও দিয়েছেন। তার মতে, আগের কোচ রাহুল দ্রাবিড়ের সময়ে বিভিন্ন সফরে লক্ষ্মণের ভূমিকা এবং কোচিং অভিজ্ঞতা তাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তোলে।