logo
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস

টাইগারদের জন্য ২ কোটি টাকা বোনাসের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

টাইগারদের জন্য ২ কোটি টাকা বোনাসের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক সাফল্যের পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের জন্য ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন তিনি। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়কে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছে ক্রীড়া মন্ত্রণালয়।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮৬ রানের জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও অস্ট্রেলিয়াকে হারায় মেহেদী হাসান মিরাজের দল। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।

বৃষ্টির কারণে বাংলাদেশের ইনিংস কমে দাঁড়ায় ৪১ ওভারে। লক্ষ্য ছিল ১৯২ রান। সেই রান তাড়ায় খুব বেশি চাপে পড়তে হয়নি স্বাগতিকদের। মাঝপথে মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর কিছুটা অস্বস্তি তৈরি হলেও তাওহীদ হৃদয় ও মিরাজ দলকে নিরাপদে জয়ের পথে নিয়ে যান। হৃদয় ৫৫ বলে অপরাজিত ৪০ রান করেন। অধিনায়ক মিরাজ ২২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এর আগে, বল হাতে অস্ট্রেলিয়াকে বড় স্কোর করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। বৃষ্টির আগে সফরকারীদের ১৮৭ রানে আটকে রাখার পথে বড় ভূমিকা রাখেন পেসাররা। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ৩টি করে উইকেট। তানভীর ইসলাম শিকার করেন ২ উইকেট।

মিরপুরের উইকেট সাধারণত স্পিনারদের সহায়ক বলেই পরিচিত। তবে এই সিরিজে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছেন বাংলাদেশের পেসাররাই। দুই ম্যাচ শেষে উইকেট শিকারের তালিকাতেও পেসারদের দাপট স্পষ্ট। মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৫ উইকেট, নাহিদ রানা ও তাসকিন আহমেদের ঝুলিতে আছে ৪টি করে উইকেট। অস্ট্রেলিয়ার নাথান এলিস নিয়েছেন ৩ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়। তাই সিরিজের শেষ ম্যাচ এখন বাংলাদেশের জন্য আরও বড় সুযোগ হয়ে এসেছে। আগামী ১৪ জুন মিরপুরেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচ জিততে পারলে অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।