আইপিএলে নতুন ইতিহাস লিখলেন বৈভব সূর্যবংশী

চলতি মৌসুমে একের পর এক চমক উপহার দিচ্ছে আইপিএল। সেই তালিকায় এবার সবচেয়ে আলোচিত নাম এখন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই টুর্নামেন্টের ইতিহাসে নতুন মাইলফলক গড়ে ফেলেছেন এই তরুণ ব্যাটার।
রাজস্থান রয়্যালসের হয়ে খেলা সূর্যবংশী আইপিএলের এক আসরে ৪০০ রান পূর্ণ করা প্রথম কিশোর ক্রিকেটার হয়েছেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ১৬ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে এই রেকর্ড গড়েন তিনি।
এই ইনিংসের পর চলতি মৌসুমে তার রানসংখ্যা দাঁড়িয়েছে ৪০০। এখন পর্যন্ত ৯ ম্যাচে এক সেঞ্চুরি ও ১০১ রানের সর্বোচ্চ ইনিংসসহ দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন বাঁহাতি এই ওপেনার।
আইপিএলে কিশোর বয়সে সবচেয়ে বেশি রান করার আগের রেকর্ডটি ছিল তিলক ভার্মার দখলে। ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩৬৮ রান করেছিলেন তিনি। ২০১৭ সালে ঋষভ পন্ত ৩৬৬ রান করে সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছেছিলেন। এবার সেই সবকিছু ছাড়িয়ে গেলেন সূর্যবংশী।
গত মৌসুমে অভিষেকেই নজর কাড়ার পর এবার প্রত্যাশার চাপ নিয়েও নিজেকে আরও উঁচুতে তুলে নিয়েছেন এই তরুণ। টপ অর্ডারে তার নির্ভীক ব্যাটিং, আক্রমণাত্মক শট এবং বয়সের তুলনায় পরিপক্বতা আলাদা করে নজর কাড়ছে।
মৌসুম এখনো শেষ হয়নি। সামনে আরও ম্যাচ বাকি থাকায় সূর্যবংশীর রানসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তিনি অরেঞ্জ ক্যাপও ফিরে পেয়েছেন, পেছনে ফেলেছেন অভিষেক শর্মাকে।

