logo

বিশ্বকাপের সুপার সিক্সে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

বিশ্বকাপের সুপার সিক্সে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা বাংলাদেশের জন্য একেবারেই স্বস্তির হয়নি। প্রথম ম্যাচে হার, এরপর দ্বিতীয় ম্যাচে বৃষ্টির হস্তক্ষেপ; সব মিলিয়ে সুপার সিক্সে ওঠার পথটা জটিল হয়ে উঠেছে আজিজুল হাকিম তামিমের দলের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে, যা বাংলাদেশের সামনে শেষ ম্যাচকে কার্যত ‘ডু অর ডাই’ বানিয়ে দিয়েছে।

বুলাওয়েতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম। শুরুতেই সাফল্য এনে দেন ইকবাল হোসেন ইমন। ইনিংসের দ্বিতীয় ওভারেই তার নিখুঁত ডেলিভারিতে বোল্ড হন কিউই ওপেনার হুগো ভোগ। ৮ রান করে ফেরার পর ভাঙে নিউজিল্যান্ডের ১১ রানের উদ্বোধনী জুটি।

এরপর দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নিউজিল্যান্ড। অধিনায়ক টম জুনস ও আরিয়ান মানে মিলে ধীরে ধীরে ইনিংস গড়েন। পাওয়ার প্লের শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তোলে তারা। ঠিক তখনই ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।

বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুতের চেষ্টা করা হলেও থেমে থেমে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। ফলে দুই দলই পায় এক পয়েন্ট করে।

দুটি ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। গ্রুপ টেবিলে তারা রয়েছে তৃতীয় স্থানে। এতে সুপার সিক্সে উঠতে হলে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের বিকল্প নেই। আগামী ২৩ ফেব্রুয়ারি সেই গুরুত্বপূর্ণ ম্যাচে জিতলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে তিনে, আর যুক্তরাষ্ট্র থাকবে এক পয়েন্টে— যার ফলে ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে সুপার সিক্সে জায়গা করে নেবে বাংলাদেশ।

তবে বৃষ্টি যদি শেষ ম্যাচেও বাধা হয়ে দাঁড়ায়, সে ক্ষেত্রেও নেট রান রেটে এগিয়ে থাকার কারণে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। কিন্তু হারলেই বিদায় নিশ্চিত, তখন বাংলাদেশের জায়গায় যুক্তরাষ্ট্রই উঠে যাবে পরের পর্বে।

সব মিলিয়ে সমীকরণ পরিষ্কার— বাংলাদেশের সামনে সুযোগ আছে, কিন্তু কোনো ভুলের জায়গা নেই।