logo

অবশেষে ভারত থেকে দেশে ফিরছে আটকে পড়া দক্ষিণ আফ্রিকা দল

অবশেষে ভারত থেকে দেশে ফিরছে আটকে পড়া দক্ষিণ আফ্রিকা দল

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক আকাশসীমা আংশিক বন্ধ হয়ে যাওয়ায় ভারতে আটকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অবশেষে বুধবার থেকে ধাপে ধাপে দেশে ফিরতে শুরু করবে দলটি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বুধবার রাত থেকেই দক্ষিণ আফ্রিকার পুরো বহর নিজ দেশে ফেরার যাত্রা শুরু করবে এবং আগামী ৩৬ ঘণ্টার মধ্যেই দলের সব সদস্য ভারত ছাড়বেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দক্ষিণ আফ্রিকা দল সেমিফাইনালে বিদায়ের পরও ভারতে থেকে যেতে বাধ্য হয়েছিল। কারণ, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে অনেক আন্তর্জাতিক রুট বন্ধ হয়ে যাওয়ায় তাদের ফেরানোর জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করতে সময় লাগে।

দক্ষিণ আফ্রিকার মতোই একই পরিস্থিতিতে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও। তাদের ফেরার ব্যবস্থাও বিলম্বিত হয়।

এরই মধ্যে সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড ক্রিকেট দল দুই দিনের মধ্যেই দেশে ফিরে যাওয়ায় আইসিসির সমালোচনা করেছিলেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সংশ্লিষ্টরা।

তবে আইসিসি জানিয়েছে, এ ধরনের সমালোচনা সঠিক নয়। সংস্থাটি বলছে, পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা ও খেলোয়াড়দের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সময়ে আমাদের প্রধান অগ্রাধিকার ছিল সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা। ভ্রমণের ব্যবস্থা পুরোপুরি নিরাপদ বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে সরানো হয়নি।’

অন্যদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, তাদের দলকে দেশে ফেরাতে বাণিজ্যিক ফ্লাইট বুক করা হয়েছে এবং তিনটি আলাদা গ্রুপে করে খেলোয়াড় ও স্টাফরা ফিরবেন।