নিরাপত্তার নিশ্চয়তা না পেলে যুক্তরাষ্ট্রে খেলবে না ইরান

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন নির্ভর করছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপর। দেশটির ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলো অন্যত্র সরানো না হলে বা নিরাপত্তার নিশ্চয়তা না পেলে বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হয়ে পড়তে পারে তাদের জন্য।
ইরান ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার কাছে অনুরোধ জানিয়েছে, তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তর করার জন্য। তবে এখনো এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পায়নি তারা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও বিভিন্ন স্থানে হামলা চালায়, যা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে তেহরান। দেশটির ফুটবল কর্মকর্তারা বলছেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সেখানে অংশ নেওয়া সম্ভব নয়।
ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ স্পষ্ট করে জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থাকলে দল যুক্তরাষ্ট্রে যাবে না। তাদের দাবি, ফিফাকে বিকল্প ভেন্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
তবে ফিফা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নির্ধারিত ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি।
এই অবস্থায় ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং বিশ্বকাপে খেলার আশাও ছাড়েনি।
ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেছেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা গেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলার সম্ভাবনা খুবই কম বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইরান গ্রুপ পর্বে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে। সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো হওয়ার কথা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বিভিন্ন শহরে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন পথে এগোয় এই জটিল পরিস্থিতি।