Advertisement

বদলে গেল ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাট

এশিয়া পোস্ট স্পোর্টস
বদলে গেল ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাট
ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। ছবি: আইসিসি

ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নেওয়া মানেই মূল পর্বে খেলার নিশ্চয়তা। তবে এবার আর জায়গা করার সাথে মূল পর্বে খেলার নিশ্চয়তা মিলবে না। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Advertisement

এখন থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া ১৪ দলের সবার জন্য পথটা এক রকম থাকছে না। প্রতিযোগিতার মূল গ্রুপ পর্বে সরাসরি খেলবে ১১টি দল। বাকি তিন দলকে নিয়ে হবে প্রাথমিক ‘সুপার সিরিজ’, যেখান থেকে মাত্র একটি দল পাবে পরের পর্বের টিকিট।

এডিনবরায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসির দাবি, প্রতিযোগিতার বিভিন্ন পর্বকে আরও অর্থবহ করা এবং খেলোয়াড় ও দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতেই এই পরিবর্তন।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে আগের ঘোষণা অনুযায়ী ১৪টি দলই অংশ নেবে। তবে টুর্নামেন্টটি এখন তিনটি পর্ব পেরিয়ে নকআউটে পৌঁছাবে।

প্রথম পর্ব: সুপার সিরিজ

বিশ্বকাপে জায়গা পাওয়া ১৪ দলের মধ্যে নিচের দিকে থাকা তিন দলকে নিয়ে হবে সুপার সিরিজ। দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচের এই রাউন্ড রবিন পর্ব শেষে শীর্ষ দলটি মূল গ্রুপ পর্বে উঠবে।

অন্য দুই দলের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে এই পর্বেই। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে জায়গা পেলেও মূল গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে না তারা।

বাকি ১১ দল সরাসরি দ্বিতীয় পর্বে খেলবে। তবে ১৪ দলের মধ্যে নিচের তিনটি দল কোন মানদণ্ডে নির্ধারণ করা হবে, আইসিসির বিজ্ঞপ্তিতে সেটি স্পষ্ট করা হয়নি। র‍্যাঙ্কিং, বাছাইপর্বে অবস্থান নাকি আলাদা বাছাইক্রম ব্যবহার করা হবে, তা পরে জানানো হতে পারে।

দ্বিতীয় পর্ব: ছয় দলের দুই গ্রুপ

সুপার সিরিজ থেকে উঠে আসা একটি দল এবং সরাসরি জায়গা পাওয়া ১১ দলকে নিয়ে শুরু হবে ১২ দলের মূল গ্রুপ পর্ব। দলগুলোকে ছয় দলের দুটি গ্রুপে ভাগ করা হবে।

প্রতিটি দল গ্রুপের বাকি পাঁচ দলের বিপক্ষে একবার করে খেলবে। দুই গ্রুপ মিলিয়ে এই পর্বে ম্যাচ হবে ৩০টি।

প্রতি গ্রুপের শীর্ষ তিনটি করে দল সরাসরি সুপার সেভেনে উঠবে। তাদের সঙ্গে যোগ দেবে দুই গ্রুপের চতুর্থ হওয়া দলগুলোর মধ্যে সেরা দলটি। সমান পয়েন্ট হলে নেট রানরেটসহ নির্ধারিত সূচকের ভিত্তিতে সপ্তম দল ঠিক হওয়ার কথা।

তৃতীয় পর্ব: সুপার সেভেন

সুপার সেভেনে সাত দল পরস্পরের বিপক্ষে একবার করে খেলবে। এই পর্বে ম্যাচ হবে ২১টি। প্রত্যেক দল পাবে ছয়টি করে ম্যাচ।

পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে সুপার সেভেনের শীর্ষ দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় দল। দুই বিজয়ীকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সুপার সিরিজের তিন ম্যাচ, মূল গ্রুপ পর্বের ৩০টি, সুপার সেভেনের ২১টি, দুটি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে নতুন ফরম্যাটে মোট ম্যাচ হওয়ার কথা ৫৭টি।