logo
Advertisement

চোট কাটিয়ে প্রস্তুত শরিফুল, চোখ ম্যাকে টেস্টে

এশিয়া পোস্ট স্পোর্টস
চোট কাটিয়ে প্রস্তুত শরিফুল, চোখ ম্যাকে টেস্টে
শরিফুল ইসলাম। পুরোনো ছবি

ডারউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের একাদশে ছিলেন না শরিফুল ইসলাম। তবে দলের সেই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে পেরেছেন বাঁহাতি এই পেসার। চোট কাটিয়ে এখন পুরোপুরি ফিট শরিফুলের চোখ ম্যাকে টেস্টে, যেখানে বাংলাদেশের সামনে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সুযোগ।

Advertisement

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল। দ্বিতীয় টেস্টের আগে ফিটনেস ছাড়পত্র পাওয়ার পর ডারউনে দলের সঙ্গে যোগ দেন তিনি। গ্যালারি থেকে দেখেছেন বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়।

এখন দলের সঙ্গে ম্যাকেতে আছেন শরিফুল। বুধবার টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঐতিহাসিক জয়ের অংশ হতে পারার আনন্দও প্রকাশ করেছেন তিনি।

শরিফুল বলেন, ‘এমন একটি জয়ের অংশ হতে পেরে আমি খুব খুশি। অন্তত ছবিতে তো থাকতে পেরেছি (হাসি), যদিও স্কোয়াডে ছিলাম না। খুব ভালো লাগছে।’

জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন শরিফুল। পুনর্বাসন শেষে দ্বিতীয় টেস্টের জন্য তাকে ফিট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ।

প্রথম টেস্টে খেলতে না পারলেও সতীর্থদের জন্য নিয়মিত প্রার্থনা করেছেন বলে জানান শরিফুল।

তিনি বলেন, ‘যারা খেলছিল, তাদের জন্য সবসময় দোয়া করেছি যেন সবাই নিজেদের সেরাটা দিতে পারে এবং আমরা ম্যাচটা জিতি। যখন আমরা জিতলাম, আমার মনে হয় বাংলাদেশের সবার চেয়ে আমি বেশি খুশি হয়েছিলাম। এত বড় একটা জয় সামনে থেকে দেখতে পেরেছি।’

ডারউনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দিয়েছিল পেস আক্রমণ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সবগুলো উইকেটই নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। ম্যাচে ৯ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন হাসান মাহমুদ।

এবার সেই পেস আক্রমণের অংশ হতে চান শরিফুলও। ম্যাকেতে একাদশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় প্রস্তুত। দেখা যাক ভাগ্যে কী আছে, ইনশাআল্লাহ। আশা করছি ম্যাচটা খেলতে পারব।’

শনিবার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ডারউনের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

ফলে ম্যাকেতে ড্র করলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। অন্যদিকে সিরিজ সমতায় শেষ করতে জিততেই হবে স্বাগতিকদের।

আর সেই ইতিহাস গড়ার ম্যাচে মাঠে নেমেই অবদান রাখতে চান চোট কাটিয়ে ফেরা শরিফুল।

চোট কাটিয়ে প্রস্তুত শরিফুল, চোখ ম্যাকে টেস্টে